
আন্তর্জাতিক ডেস্কঃ এবার নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় সবথেকে বড় যাঁর অভাব অনুভূত হবে তিনি হলেন অরুণ জেটলি। কিডনিজনিত অসুস্থতার কারণে জেটলি প্রথম মোদি সরকারের আমলেই অসুস্থ হয়েছিলেন। আজ শপথ অনুষ্ঠানের প্রাক্কালে জেটলি চিঠি লিখে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তাঁর পক্ষে এবার মন্ত্রিসভার সদস্য হওয়া সম্ভব নয়। জেটলির অনুপস্থিতি শুধুই যে মন্ত্রক চালানোর ক্ষেত্রে সমস্যা নিয়ে আসবে তাই নয়, মোদি-অমিত শাহের বিজেপিতে একমাত্র লিবারাল, আধুনিক ও সর্বজনগ্রাহ্য মুখ ছিলেন জেটলি। একমাত্র তিনিই প্রত্যক্ষভাবে আরএসএসের স্বয়ংসেবক নয়। বরং তাঁর মাধ্যমেই বিজেপির রক্ষণশীল অংশের সঙ্গে উদার অর্থনীতির বহির্জগতের যোগসূত্র রক্ষিত হয়েছে। এবার সেই মুখ বিজেপি ও সরকারে আর থাকছে না।
তবে শুধু অরুন জেটলি নয়, ভারতের লোকসভার অভিজ্ঞ সাংসদ সুষমা স্বরাজও এবার থাকেননি মোদীর মন্ত্রী সভায় । কারণ তিনিও যথেষ্ট অসুস্থ। এবার মোদির দ্বিতীয় পর্বের মন্ত্রিসভায় অনেক বেশি রাষ্ট্রীয় স্বয়ংসেবকদেরই প্রাধান্য থাকতে চলেছে। মোদি-অমিত শাহ তো বটেই, প্রকাশ জাভরেকর, নীতীন গাদকারি, রাজনাথ সিংরা প্রত্যেকেই সঙ্ঘের আদর্শে উঠে এসেছেন। ২০১৪ সালে মোদির শপথ অনুষ্ঠানে মোদির নীতি ছিল প্রতিবেশি রাষ্ট্রগুলিকে ইতিবাচক এক মিত্রতার বার্তা দেওয়া। তাই সেবার আহ্বান করা হয়েছিল সার্ক গোষ্ঠীর রাষ্ট্রনায়কদের। আমন্ত্রণ পেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও। কিন্তু গত পাঁচ বছরে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে ঠেকেছে। তবে মোদীর প্রথম পর্বের মন্ত্রীসভার অভিজ্ঞ অর্থমন্ত্রী অরুন জেটলি নয়, ভারতের লোকসভার অভিজ্ঞ সাংসদ ও পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ দ্বিতীয় মেয়াদে শপথ না নিলেও শপথ নিয়েছেন ভারতের সদ্য সাবেক বিদেশ সচিব জয়শঙ্কর ।
তবে এবার শপথ অনুষ্ঠানে ডাক পাননি ইমরান খান। সার্কের পরিবর্তে এবার মোদির ফোকাস বিমস্টেক রাষ্ট্রগুলি (বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি টেকনিক্যাল অ্যাণ্ড ইকনমিক কোঅপারেশন)। লক্ষ্যণীয়ভাবে এই গোষ্ঠীর অন্তর্গত দেশগুলি সার্কে থাকলেও এই বিমস্টেকে পাকিস্তান নেই। রয়েছে বাংলাদেশ, ভারত, থাইল্যাণ্ড, শ্রীলঙ্কা, মায়ানমার, নেপাল, ভূটান। এর পাশাপাশি মরিশাস ও কিরঘিজস্তানের রাষ্ট্রপ্রধানদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। কিরঘিজস্তানের প্রেসিডেন্টকে এবার বিশেষ গুরুত্ব দেওয়ার কারণ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদর দপ্তর সেখানেই। আর শপথগ্রহণের পর নরেন্দ্র মোদির পরবর্তী প্রথম বিদেশ সফর সাংহাই কোঅপারেশনের সম্মেলনেই। সেখানে থাকবেন ইমরান খানও।