News71.com
 International
 29 May 19, 06:25 PM
 1917           
 0
 29 May 19, 06:25 PM

নেতাজিকে অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রীর মর্যাদা দিতে উদ্যোগী নরেন্দ্র মোদীর সরকার ॥

নেতাজিকে অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রীর মর্যাদা দিতে উদ্যোগী নরেন্দ্র মোদীর সরকার ॥

সোহাগ সরকার, কলকাতাঃ আগামী ২১ অক্টোবর ভারতের জাতীয় স্তরে পালন করা হবে 'আজাদ হিন্দ দিবস' । নেতাজি সুভাসচন্দ্র বসুকে স্বীকৃতি দেওয়া হবে স্বাধীন অবিভক্ত ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার দ্বিতীয়বার ভারতে ক্ষমতাসীন হওয়ার পরে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই উপযুক্ত সম্মান ও স্বীকৃতি দিতে চলেছে দেশটির কেন্দ্রীয় সরকার ।জানাগেছে, নেতাজিকে অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতিদান এখন শুধু চিন্তাভাবনার স্তরে নেই, তা সময়ের ব্যাপার মাত্র । এনিয়ে উদ্যোগও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। অচিরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মোদীর নেতৃত্বাধীন বিজেপির নবগঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ সবকিছু ঠিক থাকলে আগামী ২১ অক্টোবর দিনটিকে জাতীয় স্তরে 'আজাদ হিন্দ দিবস' হিসেবে পালন করা হবে৷ ২৬ জানুয়ারি এবং ১৫ অগস্টের মতোই মর্যাদা দেওয়া হবে দিনটিকে৷ আর এর পিছনে ঐতিহাসিক কারণ হল, ১৯৪৩ সালের ২১ অক্টোবর সিঙ্গাপুরে স্বাধীন আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই ঐতিহাসিক ঘটনা এবং দেশের স্বাধীনতা সংগ্রামে নেতাজির ভূমিকার কথা স্মরণ করে এবছরই ওই দিন জাতীয় পতাকা তুলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং৷

স্বাভাবিক ভাবেই সরকারের এই ধরনের পদক্ষেপের প্রভাব ভারতীয়দের বিশেষ করে বাঙালি মননে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং এর রাজনৈতিক প্রভাব পড়তে পারে৷ মোদী-অমিতশাহ এখন গুটি সাজাচ্ছেন ২০২১-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাধ্যমে বাংলা দখলের । আর এই সময়ে নেতাজিকে এই ধরনের সম্মান দেওয়ার মত পদক্ষেপ যদি মোদী সরকার গ্রহণ করে, তা হলে বাংলায় তা ভাবাবেগের বিষয় হয়ে উঠতে পারে বলে বিজেপি নেতৃত্বের ধারণা৷ কারণ নেতাজি প্রেমিকদের অভিযোগ, এর আগে ভারতের কোনও কেন্দ্রীয় সরকারই নেতাজিকে তাঁর প্রাপ্য সম্মান এই ভাবে দেয়নি৷ উপরন্তু বিভিন্ন সময়ে নেতাজি’র অন্তর্ধান রহস্য উন্মোচনে গঠিত তদন্ত কমিশনের রিপোর্টও জনসমক্ষে আসতে দেয়নি তারা। ভারতে আজ পর্যন্ত নেতাজিকে যেটুকু সন্মান দেওয়া হয়েছে , তা কিছুটা বাজপেয়ী সরকার এবং বাকিটা নরেন্দ্র মোদী সরকারই দিয়েছে।

উল্লেখ্য দ্বিতীয় বিশ্ব যুদ্ধ চলাকালিন সময়ের মধ্যেই নেতাজি সুবাস চন্দ্র বসু ১৯৪৩ সালের ২১ অক্টোবর সিঙ্গাপুরে স্বাধীন ভারতের আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেছিলেন । পরে তার অনুগত আজাদ হিন্দ ফৌজের সাহায্য ব্রিটিশদের বিতাড়িত করে শহিদ স্বরাজ দ্বীপ বা আন্দামান নিকোবর এবং ইম্ফলে দখলে নিয়ে স্বাধীনতা ঘোষনা করেছিলেন এবং সেখানে স্বাধীন ভারতের বিপ্লবী জাতীয় পতাকা তুলেছিলেন৷ নেতাজির নেতৃত্বাধীন স্বাধীন অবিভক্ত ভারতবর্ষের প্রথম সরকার ১৯৪৩ সালে গঠিত হলে সেই সময়ে সোভিয়েত ইউনিয়ন, জার্মানি, জাপান-সহ পৃথিবীর শিল্পোন্নত ১১টি দেশ তাকে আনুষ্ঠানিক স্বীকৃতিও দিয়েছিল৷ তবে অনেকের ধারনা নেতাজির এই স্বীকৃতির ক্ষেত্রে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে এই ১১টি দেশের সঙ্গে যোগাযোগ করে তাদের সহযোগিতা ও সম্মতি চাইতে পারে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার।

অনেক দেরিতে হলেও ভারতের কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ নিয়ে নেতাজির নাতি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গার্ডিনার অধ্যাপক সুগত বসু বলছেন, 'এই সিদ্ধান্ত যদি নেওয়া হয়, তা হলে তা খুবই সঠিক এবং গ্রহণযোগ্য সিদ্ধান্ত হবে। নেতাজিকে যদি সত্যি মর্যাদা দিতে হয়, তা হলে শুধু তাঁর স্মৃতিতে দিবস উদ্যাপন করলেই হবে না, তাঁর মতাদর্শ গ্রহণ করে সংখ্যালঘুদের মধ্যে ঐক্যসাধন করতে হবে।' নেতাজির আর এক নাতি ও দক্ষিণ কলকাতার বিজেপি’র টিকিটে নির্বাচিত লোকসভার সদস্য চন্দ্রকুমার বসুর বক্তব্য, 'গত বছর আজাদ হিন্দ দিবস পালনের উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই জানিয়েছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর তত্ত্বাবধানে গঠিত অখণ্ড ভারতের প্রথম স্বাধীন সরকারের উদ্‌যাপন যাতে প্রতি বছরই সারা দেশে পালিত হয়, তার জন্য উদ্যোগী হবেন তিনি৷ সেই প্রতিশ্রুতি রক্ষার জন্য উনি কাজ শুরু করেছেন, এটা দারুণ বিষয়৷ আর নেতাজি গবেষক জয়ন্ত চৌধুরীর কথায়, দেশের জনগণ আজাদ হিন্দ বাহিনীর পুরো ইতিহাস জানতে পারলে আখেরে উপকৃত হবে ভবিষ্যৎ প্রজন্ম৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন