
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে কালো পতাকা দেখানো ও বিক্ষোভ প্রদর্শনকে কেন্দ্র করে জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার কুচবিহারে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কুচবিহারের ডাউয়াগুড়ি ও মারুগঞ্জসহ একাধিক জায়গায় বিজেপি কর্মী-সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ আজ তুফানগঞ্জ মহকুমার মারুগঞ্জে গেলে সেখানে মন্ত্রীকে কালো পতাকা দেখান উত্তেজিত জনতা। বিজেপির দলীয় পতাকা নিয়ে কয়েকজন কালো পতাকা দেখায় বলে অভিযোগ। ওই ঘটনাকে কেন্দ্র করে মারুগঞ্জ এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজিত জনতাকে সামাল দিতে পুলিশ এসময় লাঠিচার্জ করে। এরপরেই ক্ষুব্ধ মানুষজন পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়। ওই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।
মন্ত্রী আজ বিভিন্ন এলাকায় লোকসভা নির্বাচনের পরে তৃণমূলের দখল হয়ে যাওয়া কার্যালয় উদ্ধার করতে গেলে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন। এ ব্যাপারে এক বিজেপি কর্মী মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে গণমাধ্যমকে বলেন, ‘দলীয় কার্যালয়ে আমাদের জমায়েত দেখে উনি নিজে ধমক দিয়ে বলেন, ব্যাটাদের ধর! পুলিশ দিয়ে আমাদের কর্মীদের উপরে লাঠি চার্জ করে। জনতা সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে যায়। পুনরায় পুলিশ এসে বাজারের লোকজনদের পেটায়। কর্মীরা এরপর পুলিশের উপরে আক্রমণ চালায়।’ মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ডাওয়াগুড়ি ও মারুগঞ্জে কিছু লোক ইচ্ছাকৃতভাবে রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দেয়াসহ নানাভাবে অশান্তি সৃষ্টি করছিল। তারা আগেও ওখানে অশান্তি সৃষ্টি করতে চেয়েছে। আবারও নতুন করে তারা অশান্তির সৃষ্টি করতে চাচ্ছে। ওরা স্লোগান দিতে পারে, তা গণতান্ত্রিক অধিকার। কিন্তু সেজন্য তো সড়ক অবরোধ, পুলিশের গায়ে হাত দেয়া, পুলিশের গাড়ি ভাঙচুর এসমস্ত কী সংস্কৃতি?’
এদিকে, লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে তৃণমূল কর্মীরা জেলার বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালাচ্ছে অভিযোগ তুলে আজ মঙ্গলবার বিজেপি যুব মোর্চার কর্মীরা কুচবিহারের কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পোড়ায়। তারা দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে।