News71.com
 International
 28 May 19, 06:23 PM
 161           
 0
 28 May 19, 06:23 PM

ভারতের ঝাড়খণ্ডে পুলিশের গাড়িতে মাওবাদী হামলা॥১১ জওয়ান আহত

ভারতের ঝাড়খণ্ডে পুলিশের গাড়িতে মাওবাদী হামলা॥১১ জওয়ান আহত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ঝাড়খণ্ডে মাওবাদীদের ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বিস্ফোরণে ১১ জওয়ান আহত হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫ টা নাগাদ ঝাড়খণ্ডের সরাইকেল্লায় আধাসামরিক বাহিনী সিআরপিএফের গাড়ি লক্ষ্য করে মাওবাদীরা ওই হামলা চালায়। আহতদের মধ্যে ৮ জন সিআরপিএফের ‘কোবরা বাহিনী’র সদস্য ও ৩ জন ঝাড়খণ্ড পুলিশের জওয়ান রয়েছেন। আহত জওয়ানদের চিকিৎসার জন্য ঘটনাস্থল থেকে বের করে হেলিকপ্টারের সাহায্যে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে নিয়ে যাওয়া হয়েছে। বিশেষ অপারেশনের জন্য সংশ্লিষ্ট এলাকা দিয়ে ২০৯ কোবরা ব্যাটেলিয়ান ও ঝাড়খণ্ড পুলিশের সদস্যরা গাড়িতে করে যাওয়ার সময় আচমকা বিস্ফোরণ ঘটলে জওয়ানরা আহত হন। সরাইকেল্লা এলাকার সড়কে আগে থেকে আইইডি পুঁতে রাখা হয়েছিল বলে কর্মকর্তারা মনে করছেন। ঝাড়খণ্ড পুলিশের পক্ষ থেকে ওই এলাকায় হামলাকারীদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

সরাইকেল্লা এলাকা মাওবাদীদের ঘাঁটি বলে মনে করা হয়। প্রায়ই ওই এলাকায় কোনো না কোনো ঘটনা ঘটে থাকে। গত ২০ মে এখানে মাওবাদীদের হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছিলেন। মাওবাদীরা এসময় বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি পুলিশ বাস লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে পুলিশ সদস্যরা আহত হন। আহতদের সে সময় জামশেদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে গত ৩ মে মাওবাদীরা বোমা নিক্ষেপ করে ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন মুন্ডার নির্বাচনি কার্যালয় উড়িয়ে দিয়েছিল। এখানে থাকা পাঁচজনকে বাইরে বের করে দিয়ে তারা আইইডি বিস্ফোরণ ঘটিয়ে ভবনটি উড়িয়ে দিয়েছিল। গত ২৬ এপ্রিল পালামু জেলাতেও মাওবাদীরা বিজেপির এক দফতর উড়িয়ে দিয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন