
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের লাক্ষাদ্বীপ ও তার আশেপাশের এলাকায় জঙ্গি হামলার উদ্দেশ্যে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠি ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা শ্রীলঙ্কা থেকে নৌকাযোগে রওনা দিয়েছেন বলে রাজ্যের উপকূলবর্তী ৭২টি থানায় সতর্কবার্তা পাঠিয়েছে কেরালা পুলিশ। গত বৃহস্পতিবার ২৩ মে এক বার্তার পরপরই কেরালা উপকূলে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে খবর প্রকাশ করা হয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলোতে। খবরে বলা হয়েছে, একটি সাদা রঙের নৌকায় চেপে ১৫ জঙ্গি সদস্য শ্রীলংকা থেকে রওনা হয়েছে। যেকোনো মুহূর্তে জঙ্গিদের ওই নৌকা কেরালার উপকূলে এসে পড়তে পারে- এমন খবর পেয়ে মাছ ধরার সব নৌকা ও জাহাজের ওপর কড়া নজরদারি শুরু করেছে পুলিশ।
পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা এনডিটিভিকে জানিয়েছে, ওই নৌকায় থাকা আইএস জঙ্গিদের সংখ্যা নিয়ে খুবই স্পষ্ট তথ্য রয়েছে তাদের হাতে। আর এই তথ্য দেয়া হয়েছে শ্রীলংকার গোয়েন্দাদের তরফ থেকে। এদিকে সম্ভাব্য হামলা ঠেকাতে কেরালার রাজধানীতে নিরাপত্তাজোরদার করা হয়েছে। সেখানকার রাজধানী তিরুবনন্তপুরমে পুলিশ বিভিন্ন হোটেল এবং রেস্ট হাউসে অভিযান পরিচালনা করছে। যাতে করে সন্দেহভাজন কেউ আশ্রয় নিতে না পারে।এছাড়া সাগরে থাকা জেলেদেরও সতর্ক করা হয়েছে। পুলিশের পাশাপাশি ভারতের নৌবাহিনী ও কোস্ট গার্ডও সতর্ক রয়েছে।