
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের গুজরাট রাজ্যে বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১৫ জন নিহতের খবর পাওয়া গেছে। রাজ্যের সুরাটের একটি ভবনে আজ শুক্রবার (২৪ মে) বিকেলের দিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, সুরাটের একটি কোচিং সেন্টারে ভয়াবহ আগুন লাগে। ভবনটির একেবারে ওপরের তলায় কোচিং সেন্টারটি। প্রাণ বাঁচাতে অনেকে ভবনের ছাদ থেকে লাখ দেয়।এছাড়া তৃতীয় ও চতুর্থ তলা থেকে ছাত্রদের লাফ দেওয়ার ভিডিও ফুটেজ দেখা গেছে টেলিভিশন চ্যানেলে। নিহতদের মধ্যে কোচিংয়ের শিক্ষার্থী এবং শিক্ষকরা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ওই ভবনে এখন পর্যন্ত ৫০ জনের বেশি আটকা পড়ে আছে বলে ধারনা করা হচ্ছে । এদের অধিকাংশই কোচিংয়ের শিক্ষার্থী।
জি নিউজ বলছে, ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়েছে। সুরাটের মেয়র বলেছেন, ভবনের ভেতর থেকে এখন পর্যন্ত ১৫ মরদেহ উদ্ধার করা হয়েছে। যে ভবনটিতে আগুন লেগেছে সেটি বাণিজ্যিক এবং আবাসিক। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনের কারণে ওই ভবনের আশপাশের ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে। হতাহতের শিকারদের পরিবারকে সব ধরনের সহায়তা দিতে স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন দেশটির দ্বিতীয় মেয়াদে নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এদিকে হতাহতের ঘটনায় ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন।