News71.com
 International
 24 May 19, 06:20 PM
 215           
 0
 24 May 19, 06:20 PM

বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসা বাঙালিদের জন্য বিজেপি এবার ভয়ংকর হতে পারে॥

বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসা বাঙালিদের জন্য বিজেপি এবার ভয়ংকর হতে পারে॥

আন্তর্জাতিক ডেস্কঃ এবার ভারতের নির্বাচনে প্রধান প্রশ্ন ছিল নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি আবার ক্ষমতায় ফিরবে কিনা! আর তারপরেই যে প্রশ্ন নিয়ে ভারতের মিডিয়ায় সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, তাহলো বিজেপি কি পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জীর শক্ত দূর্গে ফাটল ধরাতে পারবে?দুই প্রশ্নের উত্তরই আমাদের সামনে- আগামী পাঁচ বছর মোদির বিজেপি সরকার ভারতের ভাগ্য বিধাতা, আর মমতার দুর্গ দখল করতে না পারলেও বড় ফাটল ধরিয়েছে বিজেপির গৈরিক বাহিনী।এবারের নির্বাচনে মোদি এবং বিজেপি সভাপতি অমিত শাহ পশ্চিমবঙ্গে প্রচুর জনসভা করেছেন ভারতের কোনো প্রধানমন্ত্রী এই রাজ্যে, এমনকি বিধান সভা নির্বাচনের আগেও এতো জনসভা করেননি।আর প্রত্যেকটি জনসভায় মোদি মমতাকে 'স্পিডব্রেকার দিদি' বলে কটাক্ষ করেছেন। বলেছেন, 'আপনার জামানা শেষ হয়ে আসছে।'কিন্তু সারাদেশে যখন মোদি সুনামি, পশ্চিমবঙ্গে মমতা যেভাবেই হোক না কেন, নিজের জমি অনেকটাই ধরে রাখতে পেরেছেন। অর্ধেকের বেশি আসন তার দলের দখলে। তাই সেই অর্থে উনি সত্যিই 'স্পিডব্রেকার'।তবে মোদির বিরুদ্ধে মমতা যত বড় গলা করে বলেছিলেন '৪২ এ ৪২', অর্থাৎ রাজ্যের সবকটি লোকসভা আসনে তৃণমূলের জয় হবে, তা ফলের পরে খুবই ঠুনকো লাগছে। মনে হচ্ছে, খানিকটা হলেও আত্মতুষ্টিতে ভুগছিলো তৃণমূল কংগ্রেস।বলা বাহুল্য, বিজেপি'র অভাবনীয় সাফল্যের গুরুত্ব পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য অপরিসীম মূলত তিন কারণে।

* বাংলা ভাগ ধর্মের ভিত্তিতে হলেও ১৯৪৭ এর পর থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্মভিত্তিক দলগুলো কোনদিন মাটি পায়নি। হিন্দুসভার প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জী একজন বাঙালি, কিন্তু তার দল অথবা পরে ভারতীয় জনসংঘ অথবা বিজেপি, কেউই পশ্চিমবঙ্গে কিছু করতে পারেনি।প্রথমে কংগ্রেস (১৯৪৭-৭৭), তারপর সিপিএমএ'র নেতৃত্বে বামফ্রন্ট (১৯৭৭-২০১১), এরপর ২০১১ সাল থেকে তৃণমূল কংগ্রেসের সবাই বলিষ্ঠভাবে ধর্মনিরপেক্ষতার রাজনীতি করেছে, যার ফলে বিজেপি নেতাদের অনেকেই আজ মমতা ব্যানার্জীকে তির্যক ভাষায় 'মমতাজ বেগম' বলে থাকেন। আর তার বিরুদ্ধে বারবার ওঠে মুসলিম তোষণের অভিযোগ।

* ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গের মানুষও ভারতের রাজনৈতিক নকশায় একটা ব্যতিক্রমী রাজনীতির জন্ম দিয়েছিল। বামপন্থী আদর্শের পেছনে বাংলার একটা আলাদা রাজনৈতিক পরিচয় গড়ে উঠেছিল, পশ্চিমবঙ্গ পরিচিত হয়ে উঠেছিল ভারতের 'লাল দূর্গ' হিসেবে। অনেকে পশ্চিমবঙ্গের বামফ্রন্টকে 'বেঙ্গলি কমিউনিজম' বলে আখ্যা দিয়েছিলেন।তৃণমূল সেই দূর্গ গুড়িয়ে দিলেও বাংলা একটা আলাদা রাজনৈতিক পরিচয় বজায় রাখে তার আঞ্চলিকতার মধ্য দিয়ে। কিন্তু এবারের নির্বাচনে সেই আলাদা জায়গাটা খেয়ে দিয়েছে বিজেপি।১৯৭৭ এর পর এই প্রথম বাংলায় কোনো জাতীয় দল এতটা জমি দখল করতে পেরেছে- আর তৃণমূল নেতা ও বর্ষীয়ান সম্পাদক চন্দন মিত্র তো আশঙ্কায় বলেই ফেললেন, 'বিজেপি ইজ এ গভর্নমেন্ট ইন ওয়েটিং'। অর্থাৎ বিজেপি তো মনে হচ্ছে আগামী দিনে বাংলায় সরকার গড়তে চলেছে।

* এবারের নির্বাচনে যেভাবে বিজেপি-তৃণমূল সংঘর্ষ ঘটেছে, বুথে বুথে বোমা-বন্দুক চলেছে, যে ভাষায় মোদি আর মমতা একে অপরকে আক্রমণ করেছেন, বলাবাহুল্য তাতে কেন্দ্রীয় সরকারের সাথে আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকারের সংঘাত আরো বাড়বে।বিজেপি সভাপতি অমিত শাহ বারবার বলেছেন, বিজেপি ক্ষমতায় আসলে আসামের কায়দায় পশ্চিমবঙ্গেও নাগরিক পঞ্জি (ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেনস বা এনআরসি) করা হবে। যার উদ্দেশ্য বাংলাদেশ থেকে আসা 'অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা' এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া।আসামে এ নিয়ে নাগরিক পঞ্জির খসড়ায় (ড্রাফট এনআরসি) প্রায় ৪০ লাখ বাঙালি হিন্দু-মুসলমানের নাম বাদ পড়েছে, প্রায় ৪০ জন আত্মহত্যা করেছেন।

এদিকে, অভিনেত্রী ও বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলী বলেন, এবার তৃণমূল মারামারি করতে না পারলে বিজেপি বাংলায় কম করে ৩০টি আসন পেত।বিজেপির রাহুল সিনহা বললেন, ছয় মাসের মধ্যে আমরা তৃণমূল সরকার ফেলতে পারব। ওদের অনেক নেতাকর্মী আমাদের দিকে চলে আসবে। যেমনটা এসেছেন মমতার একদা সেনাপতি বলে পরিচিত মুকুল রায়।

নির্বাচন ও বাংলাদেশ
এবার ভারতের নির্বাচনে বাংলাদেশ বার বার বিজেপির প্রচারে এসেছে নেতিবাচকভাবেই। বাংলাদেশ ভারতের বন্ধুরাষ্ট্র বলে থাকলেও এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 'বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে' এমন জিগির তুলেছেন।মমতা তিস্তা নিয়ে বাংলাদেশের জন্য সমস্যা তৈরি করলেও জোরালোভাবে এই অনুপ্রবেশের অভিযোগ অস্বীকার করেছেন, বলেছেন এটা বিজেপির ধর্মান্ধ রাজনীতির একটা সস্তা রণকৌশল।এনআরসি বা নাগরিক পঞ্জি উনি যেকোনো মূল্যে রুখবেন বলে মোদীকে হুঁশিয়ার করেছেন, 'বিবাদের রাজনীতি ভারতের ক্ষতি করছে' বলেও তিনি জানিয়ে দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন