
আন্তর্জাতিক ডেস্কঃ ট্রাম্প ক্ষমতা লাভের পর থেকেই ইরানের ইসলামি সরকার ব্যবস্থাকে উৎখাত কিংবা দুর্বল করার চেষ্টা চালিয়ে আসছেন। এ লক্ষ্যে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা ইরানকে নতজানু করার জন্য দেশটির বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু সমঝোতার ব্যাপারে তার আগের অবস্থানকে সমর্থন করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে আরো বেশি সেনা পাঠানোর হুমকি দিয়েছেন। একইসঙ্গে তিনি আবারো ইরানিদেরকে 'সন্ত্রাসী জাতি' হিসেবে উল্লেখ করে বলেছেন, ওরা সন্ত্রাসী এবং এ কারণে আমরা তাদের সঙ্গে পথ চলতে পারি না। তিনি দাবি করেন, "ইরানিদের অবস্থা আগের চেয়ে খারাপ হয়েছে এবং আমি ক্ষমতায় আসার পর থেকে দেখছি এরা সন্ত্রাসীদেরকে সমর্থন দিচ্ছে।" এর প্রতিক্রিয়ায় জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে-রাভানচি বলেছেন, "প্রেসিডেন্ট ট্রাম্প ইরানিদের বাস্তবতা ও ইতিহাস সম্পর্কে অজ্ঞ এবং তার এ আচরণের ফলে ইরানিরা আরো বেশি ঐক্যবদ্ধ হবে।"
পর্যবেক্ষকরা বলছেন, ইরানের জনগণের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের বিদ্বেষের একটি বড় কারণ হচ্ছে দেশটির ইসলামি শাসন ব্যবস্থা উৎখাতে ইরানিদের অসহযোগিতা। ইরানের জনগণ বহুবার ইসলামি শাসন ব্যবস্থার প্রতি তাদের সমর্থন এবং মার্কিন ষড়যন্ত্র মোকাবেলায় দৃঢ় ইচ্ছার বিষয়টি প্রমাণ করেছে। গত ১১ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লব বিজয় বার্ষিকীতে ইরানিদের স্বতঃস্ফূর্ত অংশই এর প্রমাণ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ইরানিরা বহু বছর ধরে দুঃখ কষ্ট ভোগ করছে এবং উন্নত জীবন যাপনের সুযোগ তাদের রয়েছে। তিনি তার টুইট বার্তায় ইরানিদের প্রতি সহমর্মিতা দেখান কিন্তু সেই ইরানিদেরকেই তিনি সন্ত্রাসী বলে অভিহিত করেছেন। এ থেকেই ইরানিদের প্রতি তার বিদ্বেষের প্রমাণ পাওয়া যায়। বিপ্লবের পর গত ৪০ বছরে ইরানের জনগণ প্রমাণ করেছে, মার্কিন চাপ, ষড়যন্ত্র ও প্রচারণা সত্বেও তারা ইসলামি বিপ্লবী চেতনা থেকে সরে দাঁড়াবে না এবং ওয়াশিংটনের বলদর্পিতার মুখে নিজেদের স্বাধীনতা বিকিয়ে দেবে না। আমেরিকার ধারণা কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এবং সামরিক হামলার হুমকি দিয়ে ইরানিদেরকে ওয়াশিংটনের দাবি মেনে নিতে বাধ্য করা যাবে। এ লক্ষ্যে ট্রাম্প নিষেধাজ্ঞা দিয়ে ইরানিদের জীবনকে অতিষ্ঠ করে তোলার চেষ্টা করছেন যাতে সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে জনতা রাস্তায় নেমে পড়ে এবং ইরানে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি হয়।
এভাবে আমেরিকা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে যা জাতিসংঘ প্রস্তাবসহ আন্তর্জাতিক সব আইনের লঙ্ঘন। ট্রাম্পের বক্তব্য থেকে বোঝা যায় তিনি ইরানিদের বাস্তবতা সম্পর্কে কিছুই জানেন না। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, শত্রুরা ইরানিদের ওপর যতই চাপ সৃষ্টি করেছে ততই ইরানিদের মধ্যে ঐক্য জোরদার হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট পরমাণু সমঝোতা থেকে সরে এলেও এই চুক্তিতে সইকারী অন্য দেশগুলো ট্রাম্পের এ পদক্ষেপের সমালোচনা করেছে এবং তারা পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার ওপর জোর দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ইসলামি সরকার ব্যবস্থাকে উৎখাতের চেষ্টা করলেও সবারই এটা জানা আছে যে ওয়াশিংটনের বলদর্পিতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণেই ইরানের বিরুদ্ধে তাদের এতো ক্ষোভ ও বিদ্বেষ।