
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে লোকসভা ভোটের পর বুথফেরত জরিপগুলোতে দেখা যাচ্ছে এবারও সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি নিয়ন্ত্রিত জোট এনডিএ। তাই দেরি না করেই এই জরিপ রিপোর্টের ওপর ভিত্তি করেই আগামী পাঁচ বছরের কর্ম পরিকল্পনা ঠিক করে ফেলেছে মোদির দল বিজেপি৷গতকাল মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতির ডাকে শরিক দলের নেতা, মন্ত্রীদের নৈশভোজ দেওয়া হয়৷ ফল প্রকাশের আগেই জিতছি ধরে নিয়েই সেখানেই আগামী পাঁচ বছরের কাজের নকশা তৈরি হয়৷ পরে সেই প্রস্তাব পাসও হয়ে যায়৷ বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং জানিয়ে দেন এনডিএ হল দেশ শাসনের অন্যতম স্তম্ভ।রাজনাথ সিংহ বলেন, আগামী পাঁচ বছরের জন্য মূলত জাতীয় নিরাপত্তা, জাতীয়তাবাদ, এবং উন্নয়নকে সামনে রেখে কাজ করবে সরকার। বিগত পাঁচ বছরে প্রতিশ্রুতির লক্ষ্যমাত্রা সম্পূর্ণ করতে পেরেছে সরকার৷ আগামী সময়সীমায় তা আরও দ্রুত রূপায়ণ করতে হবে।
মোদির নজরে দেশের সুরক্ষা৷ বালাকোটে এয়ারস্ট্রাইক ছিল শাসক জোটের এবারের নির্বাচনের অন্যতম প্রচারের ইস্যু। গেরুয়া দলের অভ্যন্তরে কান পাতলেই শোনা সন্ত্রাস দমনে কড়া পদক্ষেপের কারণেই মানুষের আস্থা তাদের দিকে গিয়েছে। এনডিএর এদিনের বৈঠকে উঠে আসে সেই সন্ত্রাস দমনে সফলতার কথাও৷ রাজনাথ বলেন, ‘সন্ত্রাস দমনে আগামী দিনে আরও কড়া পদক্ষেপ নেবে সরকার।’তার কথায়, জাতীয় নিরাপত্তার প্রশ্নে কূটনীতিতে ও প্রতিরক্ষা ব্যবস্থাপনায় ভারত যে নরম রাষ্ট্র নয় তা এনডিএ সরকার ভালমতই বুঝিয়ে দিয়েছে। নয়াদিল্লির এই অবস্থান বজায় থাকবে।বিরোধীরা বুথ ফেরৎ জরিপকে মিথ্যাচার বলেছেন। উলটো সুর গেরুয়া শিবিরের গলায়। তাদের মতে জয় শুধু সময়ের অপেক্ষা। তাই ঘর গুছোতে শুরু করেছেন মোদি আর অমিত শাহ। ভোটের আগের অশান্তি ভুলে এদিন দেশের সামনে উঠে এসেছে ঐক্যবদ্ধ এনডিএ-এর ছবি।