
আন্তর্জাতিক ডেস্কঃ আবারো মার্কিন মেরিন কোরের একটি হ্যারিয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। নর্থ ক্যারোলাইনায় গতকাল সোমবার এ ঘটনা ঘটেছে। চলতি মে মাসে এ নিয়ে চারবার মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটলো। ফলে চলতি বছরকেও মার্কিন সামরিক বাহিনীর জন্য খারাপ বছর হিসেবে গণ্য করা হচ্ছে। মার্কিন ওয়বসাইট মিলিটারি ডট কমের খবর অনুসারে- গতকাল মেরিন কোরের এয়ার স্টেশন চেরি পয়েন্টের কাছে বিমানটি বিধ্স্ত হয়। মাটিতে পড়ার আগেই পাইলট বিমান থেকে বের হয়ে আসতে সক্ষম হন তবে তাকে চিকৎসার জন্য হাসপাতালে নিতে হয়েছে।
মেরিন কোরের দেয়া বিবৃতিতে দাবি করা হয়েছে, বিমান দুর্ঘটনায় কোনো বেসামরিক ব্যক্তি বা সম্পদের ক্ষয়ক্ষতি হয় নি। বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার সম্ভাব্য কারণ ও কী ধরনের মিশন চালাতে গিয়ে বিমানটি দুর্ঘটনায় পড়েছে সে সম্পর্কে কোনো তথ্য দিতে চান নি মার্কিন মেরিন কোরের কর্মকতারা। গত বৃহস্পতিবার সাউথ ক্যারোলাইনার একটি ভবনের ওপর মার্কিন এফ-১৬ বিমান বিধ্বস্ত হয়েছে। তার কয়েকদিনের মধ্যে নতুন করে এ দুর্ঘটনা ঘটলো। এর আগে চলতি মাসের গোড়ার দিকে ২টি-৪৫ ও টি-৬ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।