
আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের একটি অস্ত্র গুদামে হামলা চালিয়েছে। সৌদি আরবের নাজরান প্রদেশের একটি বিমানবন্দরে ওই গুদামটি অবস্থিত এবং তাতে ইয়েমেনি সেনারা ড্রোনের সাহায্যে হামলা চালায়। হুথি আন্দোলন পরিচালিত আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আজ মঙ্গলবার হামলায় অংশ নিয়েছে কাসেফ-২কে কম্বাট ড্রোন। হামলার পর অস্ত্র গুদামে আগুন ধরে যায়।
সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে, নাজরান প্রদেশের একটি বেসামরিক স্থাপনায় বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত বলে নি জোট। আনসারুল্লাহ আন্দোলন রোববার হুমকি দিয়েছিল যে, সৌদি আরবের ৩০০ টার্গেটে হামলা চালাবে তারা। এর দুদিন পরই অস্ত্র গুদামে হামলা হলো। এদিকে, গতকাল ইয়েমেনের সেনারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে সৌদি আরবের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করে। হুদাইদা প্রদেশের হায়িস এলাকায় এ ঘটনা ঘটে।