
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে লোকসভা নির্বাচনের ফল প্রকাশ পরবর্তীতে বিজেপির সরকার গঠন ঠেকানোর ব্যাপারে আলোচনা করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু। বিজেপি-বিরোধী জোট গঠনের প্রয়াস জোরদার করা নিয়ে কথা হয় তাঁদের। নাইডু এ ব্যাপারে কংগ্রেস সভাপতির সঙ্গে বৈঠকের আগে কমিউনিস্ট পার্টির (সিপিআই) দুই শীর্ষনেতা সুধাকর রেড্ডি ও ডি রাজার সঙ্গে দেখা করেন। এরপর এনসিপি দলের প্রধান শারদ পাওয়ার ও এলজেডি নেতা শারদ যাদবের কাছে যাওয়ার কথা তার। লখনউয়ে তিনি বিএসপি ও সমাজবাদী পার্টির মায়াবতী ও অখিলেশ যাদবের সঙ্গেও কথা বলতে যাবেন। প্রসঙ্গত, ২৩ মে ভোটের ফল বেরুনোর দিনই ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী বিরোধী দলগুলির নেতাদের নিয়ে বৈঠকে বসছেন। তার আগেই রাহুল-চন্দ্রবাবু বৈঠকে বসলেন।
রাহুলের সঙ্গে ঘন্টা খানেকের বৈঠকে ২৩ মে লোকসভা ভোটের ফল বেরুনোর পর সব বিজেপি বিরোধী দলকে এক মঞ্চে নিয়ে আসার আশু প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন চন্দ্রবাবু। তিনি রাহুলকে প্রয়োজনীয় আসন না থাকলেও বিজেপি সরকার গঠনের দাবি পেশ করলে তার মোকাবিলায় কৌশল তৈরি করে রাখার কথা বলেছেন। এ ব্যাপারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর ফোনে যোগাযোগ রয়েছে। গতকাল শুক্রবার চন্দ্রবাবু বলেন, শুধু তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) নয়, বিজেপি বিরোধী যে কোনও দলকেই ভোটের ফল প্রকাশের পর প্রস্তাবিত মহাজোটে আমন্ত্রণ জানানো হবে। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও তাঁর কট্টর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বলে পরিচিত। কিন্তু বিজেপিকে ঠেকাতে সকল দ্বন্দ্ব ঝেড়ে ফেলতে রাজি থাকার ইঙ্গিত দিলেন তিনি। গতকাল শুক্রুবার চন্দ্রবাবু নাইডু আমআদমি পার্টি আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবালের সঙ্গেও কথা বলেন। দেখা করেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গেও। কেজরিওয়ালের পক্ষ থেকে অবশ্য এটা ‘সৌজন্যমূলক’ সাক্ষাৎ বলে জানানো হয়েছে।