News71.com
 International
 18 May 19, 11:35 AM
 181           
 0
 18 May 19, 11:35 AM

পরমাণু সমঝোতা রক্ষায় বিশ্ব সমাজকে কার্যকর পদক্ষেপ নিতে হবে॥ ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পরমাণু সমঝোতা রক্ষায় বিশ্ব সমাজকে কার্যকর পদক্ষেপ নিতে হবে॥ ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে তার দেশের স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে রক্ষা করার জন্য বিশ্ব সমাজকে কার্যকর অর্থনৈতিক পদক্ষেপ নিতে হবে। তিনি এশিয়ার কয়েকটি দেশ সফর শেষে শুক্রবার রাতে এক টুইটার বার্তায় এ আহ্বান জানান। তুর্কমেনিস্তান, ভারত, জাপান ও চীন সফরের প্রতি ইঙ্গিত করে মোহাম্মাদ জাওযাদ জারিফ বলেন, এসব সফরে এসব দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে তার ফলদায়ক আলোচনা হয়েছে। তিনি এক্ষেত্রে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে, একই দেশের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে নিজের আলোচনার কথা তুলে ধরেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সমাজ ও পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোর পাশাপাশি ইরানের মিত্র দেশগুলোকে এ সমঝোতাকে বাঁচানোর জন্য বাস্তবসম্মত অর্থনৈতিক পদক্ষেপ নিতে হবে।

মোহাম্মাদ জাওয়াদ জারিফ গত রোববার তুর্কমেনিস্তান সফরে যান এবং এরপর পর্যায়ক্রমে ভারত, জাপান ও চীন সফর করেন। এসব সফরে তিনি আমেরিকার পক্ষ থেকে অন্যায়ভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ফলে সৃষ্ট পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি ইরানের এসব মিত্র দেশকে জানান, আমেরিকার অন্যায় আচরণের প্রতিক্রিয়ায় পরমাণু সমঝোতার কিছু অংশের বাস্তবায়ন স্থগিত রেখেছে ইরান। জারিফ এসব দেশকে আরো জানান, ইউরোপীয় দেশগুলো পরমাণু সমঝোতাকে রক্ষা করার জন্য বারবার প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন