
আন্তর্জাতিক ডেস্কঃ লোকসভা নির্বাচনে ভোট কেন্দ্রে বুথের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর মহিলা কর্মীদের মোতায়েনের দাবি তুলেছে বিজেপি। তাদের দাবি যেসব নারীরা বোরকা পরে ভোটকেন্দ্রে আসেন তাদের তল্লাশি করা প্রয়োজন। গতকাল শুক্রবার কমিশনের কাছে এ দাবি জানিয়েছে বিজেপি। আগামীকাল রবিবার শেষ দফায় রাজ্যের ৯ লোকসভা কেন্দ্রে ভোট হবে। ওই কেন্দ্রগুলোর অধিকাংশই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়। বিজেপির দাবি, বোরকা পরা নারীদের তল্লাশি করতে মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনীর মহিলা কর্মীদের। বিশেষ করে মুসলিম অধ্যুষিত কেন্দ্রগুলোতে। বিজেপির জাতীয় সভাপতি রাহুল সিনহা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই দফায় বেশকিছু বুথ রয়েছে যেগুলো মুসলিম অধ্যুষিত। ওইসব বুথ থেকে প্রায়ই অভিযোগ আসে যে, পুরুষ ভোটাররা বোরকা পরে জাল ভোট দিয়ে যায়। রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তাদের কাছে বিষয়টি জানিয়েছি। আমরা মহিলা সশস্ত্র বাহিনী চেয়েছি। এতে ভোটদাতাদের ঠিকঠাক তল্লাশি করা যাবে।