News71.com
 International
 15 May 19, 05:40 AM
 162           
 0
 15 May 19, 05:40 AM

সাম্প্রদায়িক সংঘাতে উত্তাল শ্রীলংকা॥

সাম্প্রদায়িক সংঘাতে উত্তাল শ্রীলংকা॥

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলংকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক পর্যায়ে পৌঁছেছে। গির্জা ও বিলাসবহুল হোটেলে জঙ্গি হামলার পর সাম্প্রদায়িক বিদ্বেষ মাথাচাড়া দিয়ে উঠেছে। মুসলিমবিরোধী সহিংসতায় এ পর্যন্ত একজন নিহত হয়েছে। মসজিদ ও মুসলিম মালিকানাধীন দোকানপাটে হামলার ঘটনার পর দেশজুড়ে কারফিউ জারি করে প্রশাসন। গতকাল সেই কারফিউ আংশিক তোলা হয়েছে। তবে সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। বিবিসি জানিয়েছে উত্তর-পশ্চিমাঞ্চলের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোয় কারফিউ জারি রয়েছে। সেখানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে। এদিকে সহিংস উত্তেজিত জনতাকে থামাতে পুলিশ টিয়ারগ্যাস ও লাঠিচার্জ করেছে। টেলিভিশনে এক বক্তৃতায় লংকান পুলিশপ্রধান চন্দনা বিক্রমারান্তে সবাইকে সতর্ক করে বলেন, দাঙ্গা থামাতে সর্বোচ্চ পুলিশি ব্যবস্থা নেওয়া হবে।প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, পরিস্থিতি উত্তপ্ত হলে গত মাসে সন্ত্রাসী হামলার তদন্ত ব্যাহত হবে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের মারাউয়িলি হাসপাতাল থেকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ছুরিকাহত ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়। স্থানীয় এক বাসিন্দা, যিনি ছুরিকাহত ওই ব্যক্তিকে হাসপাতালে নিতে সাহায্য করেছেন, নিহতের নাম মোহাম্মদ আমির মোহাম্মদ সালি বলে জানিয়েছেন।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের মুসলিম অধ্যুষিত অংশগুলোর বাসিন্দারা জানিয়েছেন, ক্ষুব্ধ জনতা দ্বিতীয় দিনের মতো মসজিদগুলোয় হামলা চালিয়েছে। তাদের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো তছনছ করেছে। সহিংসতাপূর্ণ এলাকার এক বাসিন্দা টেলিফোনে রয়টার্সকে বলেছেন, কয়েকশ দাঙ্গাকারী ছিল। পুলিশ ও সেনাবাহিনী শুধু দেখছিল। তারা আমাদের মসজিদগুলো পুড়িয়ে দিয়েছে এবং মুসলিমদের মালিকানাধীন বহু দোকান গুঁড়িয়ে দিয়েছে।দেশটির অন্য একটি এলাকায় ফেসবুকে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে দাঙ্গা হওয়ার পর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ও হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অ্যাপগুলোর ওপর সাময়িক নিষেধাজ্ঞাও জারি করেছে।উল্লেখ্য, বৌদ্ধপ্রধান শ্রীলংকার ২ কোটি ২০ লাখ লোকের মধ্যে মুসলিমদের সংখ্যা প্রায় ১০ শতাংশ। তিন সপ্তাহ আগে স্টার সানডের দিন গির্জা ও বিলাসবহুল হোটেলে আত্মঘাতী হামলার ঘটনায় ২৫৩ জন নিহত হয়। আহত হয় ৫ শতাধিক। মুসলিম জঙ্গিরা ওই হামলা চালিয়েছে বলে লংকান পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন