
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সহকারী বাণিজ্যমন্ত্রী ইয়ান স্টেফ বলেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক বাড়ছে। এক দশকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আগামীতে তা বাড়ানোর সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগতে উভয় দেশেরই উদ্যোগ নিতে হবে। গত ১১ থেকে ১৩ মে বাংলাদেশে সফরকালীন সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরীসহ কয়েকজন গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রেড উইন্ডস ইন্দো-প্যাসিফিক ফোরাম অ্যান্ড মিশনে অংশ নেয়া এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ এগিয়ে নিতে তিনি এই সফরে আসেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এই ট্রেড উইন্ডস অনুষ্ঠিত হয়।