News71.com
 International
 12 May 19, 01:32 PM
 181           
 0
 12 May 19, 01:32 PM

আফগানিস্তানে নারী সাংবাদিককে গুলি করে হত্যা

আফগানিস্তানে নারী সাংবাদিককে গুলি করে হত্যা


আন্তর্জাতিক ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর হুমকি পাওয়ার একদিন পরই বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন আফগানিস্তানের সাংবাদিক ও রাজনীতিবিদ মিনা মঙ্গল। স্থানীয় সময় গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর কাবুলের একটি বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। নিহত মিনা মঙ্গল দেশটির একজন জনপ্রিয় টিভি উপস্থাপিকা এবং সংসদের উপদেষ্টা। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নসরত রহিমি জানান, প্রাথমিকভাবে জানা গেছে মোটরসাইকেলযোগে এসে দুজন বন্দুকধারী এই হামলা চালিয়েছে। স্পেশাল পুলিশ হত্যার বিষয়ে তদন্ত করছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাজারের ওই এলাকা থেকে সকালে মিনা অফিস যান। সেখানেই তার গাড়ি আসে। হামলার দিনও গাড়ির জন্যই অপেক্ষা করছিলেন তিনি। সেই সময়ে তার ওপর হামলা চালানো হয়।


গার্ডিয়ানের খবরে বলা হয়, হামলার এ ঘটনার কয়েক দিন আগে সামাজিক মাধ্যমে তাকে কেউ হুমকি দিয়েছিল। এর পর থেকেই তিনি তার জীবন নিয়ে আশঙ্কায় ছিলেন। তবে মিনার কোনো শত্রু ছিল কিনা সে ব্যাপারে কিছুই জানাতে পারেনি তার পরিবার। গত ৩ মে ফেসবুকের এক পোস্টে মিনা মঙ্গল লিখেন, তাকে হত্যার হুমকি দিয়ে মেসেজ পাঠানো হয়েছে কিন্তু শক্ত নারীরা কখনো মৃত্যুকে ভয় পায় না। সে দেশকে ভালোবাসেন বলে জানিয়েছিলেন ওই পোস্টে। তবে পুলিশের ভাষ্য, হামলাকারীর সংখ্যা দুজনের বেশি ছিল। হামলার আগে বাজারের ভিড়ের মধ্য থেকে মিনার ওপর নজরদারি করা হয়েছিল।


এক প্রত্যক্ষদর্শী জানান, বাজারে তখন প্রচুর মানুষের ভিড় ছিল। মুখঢাকা দুই যুবক মোটরসাইকেল থেকে নেমে আচমকাই গুলি চালাতে শুরু করে। গুলির শব্দে সবাই দিগ্বিদিক ছুটে পালায়। এরপর ভিড় কমে গেলে ওই মহিলার দিকে ছুটে গিয়ে তাকে গুলি করে বন্দুকধারীরা।এক দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করেছেন মিনা। এ ছাড়া বিভিন্ন টিভি চ্যানেলে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন তিনি। সম্প্রতি সংসদের নিম্নকক্ষে সাংস্কৃতিক উপদেষ্টার কাজ করতেন মিনা। নানারকম সমাজসেবামূলক কাজের সঙ্গেও জড়িত ছিলেন তিনি। আফগানিস্তানের নারীদের অধিকার নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতেন।
তদন্তকারীরা জানান, এখন পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন