
নিউজ ডেস্কঃ সারা দেশে মাদকবিরোধী অভিযানের মতো ভেজাল প্রতিরোধে যুদ্ধ ঘোষণা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে প্রয়োজনে দেশে জরুরি অবস্থা জারির আহ্বান জানানো হয়েছে।৫২টি ব্র্যান্ডের মানহীন খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে দায়ের করা রিটের শুনানি নিয়ে আজ রোববার (১২ মে) হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ অনুরোধ জানান।আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শিহাব উদ্দিন খান। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে ছিলেন আইনজীবী ফরিদুল ইসলাম ও বিএসটিআই এর পক্ষে ছিলেন ব্যারিস্টার এম আর হাসান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।আদালত বলেন, খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে শুধু রমজান মাসেই অভিযান চালানো যথেষ্ট নয়। সারা বছরই খাদ্যে ভেজালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা উচিৎ। খাদ্যপণ্যের ভেজাল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কর্মকর্তাগণদের শুধু নিজেদের কর্মকর্তা মনে না করে দেশপ্রেমিক নাগরিক ও জনগণের প্রতি ভালোবাসা থেকে দায়িত্ব পালন করা উচিৎ।
আদালত আরও বলেন, যদিও এই জাতীয় বিষয়ে হাইকোর্টের নিয়মিত দেখা উচিৎ নয়, কারণ, এর জন্য যথাযথ প্রশাসনিক কর্তৃপক্ষ রয়েছে। কিন্তু এরকম অবস্থায় হাইকোর্ট কিছু না করেও বসে থাকতে পারে না। তাই ভেজাল রোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রচেষ্টা জরুরি।আদালত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকার ও সরকারি দল এবং প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ জানাচ্ছি, যেন এসব ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়। সরকার মাদকের বিরুদ্ধে যেমন যুদ্ধ ঘোষণা করেছিল, তেমনি ভেজাল খাদ্যের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণার অনুরোধ জানাচ্ছি।