
আন্তর্জাতিক ডেস্কঃ ২০০২ সালের গুজরাট দাঙ্গার পর রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি। মোদি নিজে থেকে না সরলে গুজরাট সরকারকে বরখাস্ত করা হবে এমনটাই পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রী বাজপেয়ি’র। গতকাল শনিবার ভোপালের এক সংবাদ সম্মেলনে এসে এ বিস্ফোরক মন্তব্য করলেন সাবেক অর্থমন্ত্রী তথা বিজেপি নেতা যশবন্ত সিনহা। তিনি জানান, তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী এলকে আদভানি বেঁকে বসায় শেষ মুহূর্তে ওই সিদ্ধান্ত থেকে সরে আসেন বাজপেয়ি। খবর এনডিটিভির। সিনহার দাবি, গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গার পর বাজপেয়ি সিদ্ধান্ত নিয়েছিলেন নরেন্দ্র মোদিকে দল থেকে পদত্যাগে বাধ্য করাবেন। ২০০২ সালে গোয়ায় জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে অটল বিহারি এমন মনস্থির করেন। বলা হয়, মোদি পদত্যাগ না করলে গুজরাটের সরকার ভেঙে দেয়া হবে। সিনহা বলেন, একটি দলীয় বৈঠক হয়েছিল। আমি যতদূর জানি, আদভানি এই সিদ্ধান্তের ঘোর বিরোধী ছিলেন। তিনি অটল বিহারিকে বলেছিলেন, যদি মোদিকে দল থেকে বহিষ্কার করা হয়, তবে তিনি নিজে সরকার থেকে ইস্তফা দেবেন। অগত্যা সিদ্ধান্ত বদলাতে হয় বাজপেয়িকে।
রাজিব গান্ধী আইএনএস বিরাটকে ব্যক্তিগত ট্যাক্সির মতো ব্যবহার করতেন, বিজেপির একাংশের এই অভিযোগের পরিপ্রেক্ষিতেও মুখ খুলেছেন যশবন্ত সিনহা। তিনি বলেছেন, দেশের একজন প্রধানমন্ত্রী আরেক প্রধানমন্ত্রী সম্পর্কে এমন ভাষায় কথা বলতে পারে না। নির্বাচন এসব কোনো ইস্যুই নয়। তাছাড়া এই নিয়ে সাবেক নৌ কর্মকর্তা তাদের বিবৃতি জানিয়ে দিয়েছে। একই সঙ্গে মোদির প্রতি তার হুশিয়ারি, এই নির্বাচন হচ্ছে সরকারের কাজকর্মের নিরিখে, দেশের ইতিহাস নিয়ে নয়। পাকিস্তান প্রসঙ্গ তুলে এনে তাকে লোকসভার মূল বিষয় করে তোলাকেও তীব্র সমালোচনা করেছেন যশবন্ত সিনহা। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন রাখেন, আমরা (ভারত) পাকিস্তানের সমতুল্য দেশ? মোদি ভারত আর পাকিস্তানকে হাইফেনের এদিক ওদিকে বসিয়েছে। দুই দেশকে সমগোত্রীয় করে তুলেছে। কই চীনকে নিয়ে তো কোনো আলোচনা হয় না? কেন হয় না? কারণ পাকিস্তানের প্রসঙ্গ তুললে দেশের মানুষের কাছ থেকে যে প্রিতিক্রিয়া পাবে, চীনকে নিয়ে তেমন পাওয়া যাবে না।