
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোটগ্রহণ করা হবে আজ রবিবার। এ দিন সাতটি রাজ্যের ৫৯টি আসনে ভোট হবে। এর মধ্যে প্রথমবারের মতো দিল্লি টেরিটোরিতেও ভোট হচ্ছে আজ। বিগত লোকসভা নির্বাচনে এই আসনগুলোর বেশির ভাগেই ক্ষমতাসীন বিজেপি জয়লাভ করায় এবারও আসনগুলো ধরে রাখতে মরিয়া তারা। এ কারণেই প্রধানমন্ত্রী মোদি আক্রমণের লক্ষ্য বানিয়েছেন বিরোধী দলগুলোকে, বিশেষ করে কংগ্রেসকে। শেষ ধাপের ঠিক আগের ধাপের নির্বাচনে আজ প্রতিটি রাজ্যেই গুরুত্বপূর্ণ প্রার্থীদের ভাগ্য পরীক্ষা হচ্ছে।আজ ৫৯টি আসনের মধ্যে উত্তর প্রদেশের ১৪টি, হরিয়ানার ১০টি আসনে ভোট হচ্ছে। আটটি করে আসনে ভোট হবে পশ্চিমবঙ্গ, মধ্য প্রদেশ ও বিহারে। এ ছাড়া দিল্লিতে সাতটি ও ঝাড়খণ্ডে চারটি করে আসনে ভোটগ্রহণ করা হবে। দিল্লিতে ক্ষমতাসীন বিজেপি, কংগ্রেস ও রাজ্য ক্ষমতায় আসীন আম আদমি পার্টির (এএপি) ত্রিমুখী লড়াই দেখার অপেক্ষায় রয়েছে ভারতবাসী।
আজ ৫৯টি আসনে ভোট হচ্ছে। এর মধ্যে ৪৫ আসনেই বিজেপি জয়লাভ করেছিল ২০১৪ সালের লোকসভা নির্বাচনে। এ ছাড়া তৃণমূল কংগ্রেস আটটি, কংগ্রেস দুটি, সমাজবাদী পার্টি ও এলজেপি পেয়েছিল একটি করে আসন।গতবারের জেতা আসনগুলো ধরে রাখার ওপরও নির্ভর করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার বিষয়টি। ফলে সংগত কারণেই মোদি শেষ দফা ভোটের আগে মরিয়া প্রচার চালাচ্ছেন। শেষ দিকে এসে তিনি প্রচারাভিযানে বিরোধী দলগুলোর বিরুদ্ধে তীব্র সমালোচনায় মেতে উঠেছেন। বিশেষ করে গত সপ্তাহে তাঁর আক্রমণের প্রধান নিশানা ছিলেন কংগ্রেস ও এর প্রয়াত নেতা রাজীব গান্ধী। শুধু মোদি নন, দলের সভাপতি অমিত শাহও চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকাগুলো।