
আন্তর্জাতিক ডেস্কঃ ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, যিনি বাংলাদেশের মেডিকেলে পড়াশুনা করেছেন। বিভিন্ন গুণের অধিকারী এই চিকিৎসক সম্প্রতি বাংলাদেশ সফরে এসে ব্যাপক প্রশংসিত হন।এবার জানা গেল তার আরও একটি গুণের কথা। প্রধানমন্ত্রী হয়েও ছুটির দিনে রোগীদের চিকিৎসা করেন তিনি। তিনি তার ছুটির দিনে হাসপাতালে রোগীদের সেবা করতে পছন্দ করেন।গত শনিবার দেশটির ‘জিগমে দরজি ওয়াংচুক হাসপাতালে’ এক রোগীর সফল সার্জারি সম্পন্ন করেন তিনি।প্রায় সাড়ে ৭ লাখ লোকের দেশ ভুটানে গত বছর প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন লোটে শেরিং।শেরিং আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে বলেন, কেউ গলফ খেলে, কেউ তীরন্দাজি করে কিন্তু আমি মানুষের সেবা করতে পছন্দ করি। আমি আমার ছুটির দিনগুলো এখানে (হাসপাতালে) কাটাই।
খবরে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকালে শিক্ষানবিশ ও চিকিৎসকদের পরামর্শ দেন, শনিবার রোগী দেখেন এবং রবিবার পরিবারকে সময় দেন শেরিং।চিকিৎসকের পোশাক পড়ে হাসপাতালে ব্যস্ত সময় পাড় করেন শেরিং। এছাড়া ওই হাসপাতালে নার্স ও অন্যরা যে যার মত কাজ করে যান। কেউ প্রধানমন্ত্রীকে ভ্রূক্ষেপ করেন না।উল্লেখ্য, বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজে ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি হন লোটে শেরিং। এরপর এমবিবিএস পাশ করে জেনারেল সার্জারি নিয়ে শেরিং এফসিপিএস করেছিলেন ঢাকাতেই।ময়মনসিংহ মেডিকেলের পাশাপাশি কিছুদিন হাতে কলমে কাজ করেছেন ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে।