
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির হারলেম এলাকায় একটি অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে চার শিশুসহ একই পরিবারের ছয়জন পুড়ে মারা গেছে। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর লাশগুলো উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে হারলেমের সেভেন অ্যাভিনিউর কাছে ১৪২ স্ট্রিটের সাততলা ভবন ফ্রেড স্যামুয়েল হাউজের পঞ্চম তলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার ধারণ করে। আব্দুস সালাম নামে এক পথচারী জানান, তিনি ভবন থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে ৯১১-এ কল দেন। তিনি পাঁচতলার অ্যাপার্টমেন্ট থেকে শিশুদের চিৎকারও শুনেছেন। অল্প সময়ের মধ্যে চিৎকার থেমে যায়।