
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার শেরেমেতেভো বিমানবন্দরে যাত্রীবাহী একটি বিমানে জরুরি অবতরণের পর আগুন লেগে যায়। এ ঘটনায় ৪১ জন নিহত হয়েছে। ঘটনার আহত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে ৫ জন। নিহতদের মধ্যে ২ জন শিশুও ছিল। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। রাশিয়ার তাস নিউজ এজেন্সির বরাত দিয়ে বিবিসি জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, আগুন লেগে যাওয়া একটি বিমান থেকে জরুরি স্লাইড ব্যবহার করে যাত্রীরা বেরিয়ে আসছেন। বিমানটিতে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিবিসির ওই প্রতিবেদনে আরও বলা হয়, প্রথমবার জরুরি অবতরণে ব্যর্থ হয়ে বিমানটি দ্বিতীয়বারের চেষ্টায় জরুরি অবতরণ করে।
সুখোই সুপারজেট-১০০ বিমানটিতে উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, জরুরি অবতরণের পর রানওয়েতে বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যায়। বিমানে ক্রুরা যাত্রীদের বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করেছে। যাত্রীদের উদ্ধারে তাঁরা মাত্র ৫৫ সেকেন্ড সময় পেয়েছিল।দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক যাত্রী বলেন, ‘যারা বেঁচে গেছেন তাঁরা অলৌকিক ভাবে বেঁচে ফিরেছেন।’ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ৭৮জন যাত্রী নিয়ে বিমানটি শেরেমেতেভো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এ ঘটনা ঘটে। পাইলট জরুরি অবতরণের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে বার্তাও পাঠিয়েছিলেন। বিমানটি মারমানস্ক যাওয়ার কথা ছিল।