News71.com
 International
 04 May 19, 07:25 AM
 190           
 0
 04 May 19, 07:25 AM

তুরস্ককে এসইউ-৫৭ যুদ্ধবিমান সরবরাহ করতে প্রস্তুত রয়েছে রাশিয়া॥

তুরস্ককে এসইউ-৫৭ যুদ্ধবিমান সরবরাহ করতে প্রস্তুত রয়েছে রাশিয়া॥


আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকা তুরস্কের কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রি করতে অস্বীকৃতি জানালে রাশিয়া আঙ্কারাকে সুখোই এসইউ-৫৭ যুদ্ধবিমান সরবরাহ করতে প্রস্তুত রয়েছে। তুরস্কের আনাদোলু বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত হাই-টেক শিল্পপণ্য রফতানিকারক প্রতিষ্ঠান রোসটেক কর্পোরেশনের প্রধান নির্বাহী সের্গেই চেমাজোভ। তিনি বলেন, রাশিয়ার পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান (এসইউ-৫৭) অত্যাধুনিক মান বজায় রেখেছে এবং রপ্তানিযোগ্য সমরাস্ত্রের যোগ্যতা অর্জন করেছে। চেমাজোভ বলেন, এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি এসইউ-৫৭ যুদ্ধবিমানের প্রযুক্তিও তুরস্ককে সরবরাহ করতে প্রস্তুত রয়েছে রাশিয়া। রোসটেক কর্পোরেশনের প্রধান বলেন, “তুরস্কের নিজস্ব প্রতিরক্ষা শিল্প উন্নয়নের আকাঙ্ক্ষা পূরণে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে মস্কো।”


রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ক্রয়ের তুর্কি পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে মার্কিন সরকার। ওয়াশিংটন আঙ্কারাকে হুমকি দিয়ে বলেছে, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার পরিকল্পনা বাতিল না করলে তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির চুক্তি বাতিল করে দেবে ওয়াশিংটন। মার্কিন ওই হুমকির পরিপ্রেক্ষিতে সের্গেই চেমাজোভ এসব কথা বললেন। তিনি আনাদোলুকে আরো বলেন, ২০১৭ সালে তুরস্কের সঙ্গে এস-৪০০ রপ্তানির চুক্তি সই হয় এবং চলতি বছরের শেষ নাগাদ ওই চুক্তি অনুযায়ী এই প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি সরবরাহের কাজ সমাপ্ত করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন