
আন্তর্জাতিক ডেস্কঃ পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ প্রধান মাসুদ আজহারকে নিষিদ্ধ ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ৷ কূটনৈতিক সাফল্য ভারতের৷ তাই নিয়েও অবশ্য শুরু হয়েছে শাসক বিরোধী দলের দড়ি টানাটানি৷ ভোটের আবহে বিজেপি সম্পূর্ণ বিষয়টিকেই তাদের সরকারের সাফল্য বলে দাবি করছে৷ পালটা প্রশ্ন তুললে আজ শনিবার রাহুল গান্ধী বলেন, ‘‘১৯৯৯ সালে মাসুদ আজহারকে পাকিস্তানে ফেরৎ পাঠানোর নেপথ্যে কারা ছিল?’’ জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে নিষিদ্ধ ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ। গত বুধবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের মাথা মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার জন্য মার্চে প্রস্তাব এনেছিল আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেন। তবে ‘পদ্ধতিগত ত্রুটি’র অভিযোগ তুলে সেই প্রস্তাবের উপর ভেটো প্রয়োগ করে চিন। তবে সেই প্রথম নয়৷ এর আগেও একই কাজ করে বেজিং৷
তারপরই চিনের উপর বিভিন্ন মহল থেকে চাপ আসতে শুরু করে৷ গত সপ্তাহেই বেজিং সফরে যান ভারতীয় বিদেশ সচিব বিজয় গোখেল। বিভিন্ন জঙ্গি হানায় মাসুদ আজহারের হাত থাকার যে প্রমাণের দাবি ভারত করছে তার তথ্যপ্রমাণ তুলে দেওয়া হয় বেজিংয়ের কাছে৷ চিন ভেটোর সিদ্ধান্ত প্রত্যাহারের পরই বুধবার আলোচনায় বসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানেই নিষিদ্ধ ঘোষণা করা হয় মাসুদ আজহারকে৷ ভোটের চলাকালীন যা বড় সাফল্য বলেই মনে করছে গেরুয়া শিবির৷ প্রচারে ‘সব কা সাথ সবকা বিকাশে’র সঙ্গেই এবার বিজেপির এজেন্ডা এয়ার স্ট্রাইক প্রসঙ্গ তুলে ধরে ‘দেশাত্ববোধ’৷ সেই তালিকা ওজনদার হয়েছে মাসুদ আজহারকে রাষ্ট্রসংঘের নিষিদ্ধ ঘোষণায়৷ পদ্ম শিবিরের এই দাবির বিপক্ষে ইতিমধ্যেই মুখ খুলেছেন প্রাক্তন প্রধঝানমন্ত্র মনমোহন সিং৷ এবার জবাব দিলেন কংগ্রেস সভাপতি৷
মাসুদ প্রসঙ্গে এদিন রাহুল গান্ধী বলেন, জঙ্গি মাসুদ আজহারের বিরুদ্ধে সবসময়ই কঠিন শাস্তি নেওয়া উচিত৷ কিন্তু প্রশ্ন হল এর আগে তাকে পাকিস্তানে ফেরৎ পাঠানোর নেপথ্যে কারা ছিল? সন্ত্রাসের সামনে মাথা নত করে কোন সরকার তাকে মুক্তি দিয়েছিল? মনে রাখা প্রয়োজন সেটা কংগ্রেস নয়, ছিল বিজেপি সরকার৷ সেনা নিয়ে প্রচার সরগরম৷ মোদীর আমলেই সেনাবাহিনী স্বাধীন ও দৃঢ় হয়ে কাজ করতে পারচ্ছে বলে দাবি বিজেপির৷ দেশের নিরাপত্তা বাহিনীকে নিয়ে পদ্ম শিবির রাজনীতি করছে বলে অভিযোগ কংগ্রেসের৷ এই পরিস্থিতিতে মাসুদ আজহারের নিষিদ্ধ ঘোষণার সাফল্য কূটনৈতিক নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপারউতোর৷
প্রসঙ্গত, ১৯৯৪ সালের শুরুতে মাসুদ আজহার ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে পাকিস্তান থেকে কাশ্মীরের শ্রীনগর আসেন। তার এই সফরের উদ্দেশ্যে ছিল হরকাতুল আনসার, হরকাতুল জিহাদ আল ইসলামী ও হরকাতুল মুজাহিদিনের মধ্যেকার দ্বন্দ্বের সমাধান করা৷ কিন্তু সেই বছরের ফেব্রুয়ারিতেই আজহার ভারতীয় সেনাবাহিনীর হাতে ধরা পড়েন। জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে বন্দী করে ভারত সরকার৷ পালটা প্রত্যাঘাত আনতে ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ৮১৪ অপহরণ করে জইশ জঙ্গিরা৷ যা কান্দাহার বিমান অপহরণ নামে পরিচিত৷ তালিবার জঙ্গিদের মধ্যস্থতায় জইশ দাবি করে তাদের প্রধান মাসুদ আজহারকে ছেড়ে দিলে তবেই অপহৃত বিমানের সকলকে ছেড়ে দেওয়া হবে৷ দিল্লির মসনদে তখন বিজেপির অটল বিহারী বাজপেয়ী সরকার৷ অপহৃতদের মুক্তির প্রতিশ্রুতিতে কেন্দ্রীয় সরকার ভারতের হাতে ধৃত মাসুদ আজহারকে ছেড়ে দেয়৷ নিরাপদে ফিরে আসে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ৮১৪-র যাত্রী ও ক্রু মেম্বাররা৷