News71.com
 International
 03 May 19, 07:35 AM
 150           
 0
 03 May 19, 07:35 AM

কাশ্মীরে জঙ্গি দমনে বড়সড় সাফল্য, সেনার গুলিতে নিহত হিজবুল জঙ্গি লতিফ টাইগার

কাশ্মীরে জঙ্গি দমনে বড়সড় সাফল্য, সেনার গুলিতে নিহত হিজবুল জঙ্গি লতিফ টাইগার

 

আন্তর্জাতিক ডেস্কঃ উপত্যকায় জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, হিজবুল মুজাহিদ্দিন জঙ্গি গোষ্ঠীর অন্যতম শীর্ষ কম্যান্ডার তারিক মৌলবী ওরফে মুফতি ওয়াকাস ওরফে লতিফ টাইগারকে গুলির লড়াইয়ে নিহত করেছে ভারতীয় সেনা। সেই–ই হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানির দলের একমাত্র জীবিত সদস্য ছিল। যদিও সরকারি ভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি সেনা বা জম্মু–কাশ্মীর পুলিসের তরফে।

জানা গিয়েছে, আজ শুক্রবার সকালে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার ইমাম সাহিবের আদকারা এলাকায় তল্লাশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। ওই বাহিনীতে ছিল ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস এবং স্পেশাল অপারেশনস গ্রুপের জওয়ানরা। কিন্তু তল্লাশি অভিযান চালানোর সময়েই বাহিনীর উপর হামলা চালায় জঙ্গিরা। তখনই শুরু হয় গুলির লড়াই। পাল্টা জবাব দেয় সেনা। আর এরপরই সেনার গুলিতে নিহত হয় টাইগার। সংঘর্ষে দুই জওয়ানও আহত হয়েছেন। আপাতত গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। এলাকায় আরও দুই জঙ্গি লুকিয়ে আছে বলে মনে করছেন জওয়ানরা। তাদের খোঁজে চলছে চিরুণি তল্লাশি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন