
আন্তর্জাতিক ডেস্কঃ প্রলঙ্কারি ঘূর্নিঝড় ফনি’র কূ-প্রভাবে ভারতের ভুবনেশ্বর ও কলকাতা বিমানবন্দরের সব উড়ান শনিবার সন্ধ্যা পর্যন্ত বন্ধ ঘোষনা করা হয়েছে। ভুবনেশ্বর বিমানবন্দর আগেই বন্ধ ঘোষণা হয়েছিল। এ বার কলকাতা বিমানবন্দর থেকেও বাতিল হচ্ছে সমস্ত উড়ান। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া’র এখনকার সিদ্ধান্ত অনুযায়ি আগামিকাল শুক্রবার রাত সাড়ে ন’টা থেকে পরের দিন শনিবার সন্ধ্যা ছ’টা পর্যন্ত কোনও বিমান ওঠানামা করবে না কলকাতা বিমান বন্দর থেকে। ‘এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’ ফণীর জেরে ওড়িশার ভুবনেশ্বর বিমানবন্দরে আজ বৃহস্পতিবার মধ্য রাত থেকেই সমস্ত উড়ান বাতিল করে দেওয়া হয়েছে। তবে কবে ফের উড়ান চালু করা সম্ভব হবে, তা এখনও ঠিক হয়নি।
আবহাওয়াবিদরা বলছেন ভারতের ট্যুরিষ্ট স্পট খ্যাত সৈকত শহর পুরীর উপকূলে আগামীকাল শুক্রবার দুপুরের দিকেই আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘুর্ণিঝড় ফণীর। কিন্তু আজ বৃহস্পতিবার বিকেল থেকেই পুরীর আবহাওয়া খারাপ হতে শুরু করেছে। শুরু হয়েছে প্রবল বৃষ্টি। সাথে ঝড়ো হাওয়া । এই কারণে সাম্ভব্য দূর্ঘটনা এড়াতে ভুবনেশ্বর থেকে সমস্ত উড়ান বাতিল করা হয়েছে। অন্য দিকে পশ্চিমবঙ্গে ফণী প্রবেশ করতে পারে শুক্রবার মধ্যরাতের পর বা শনিবার ভোর রাতের দিকে। কিন্তু পুরী-ভুবনেশ্বরের মতো একই ভাবে কলকাতাতেও ফণী আসার আগেই আবহাওয়ার অবনতি হতে পারে। সেই কারণেই কলকাতা থেকেও শুক্রবার রাত থেকে সব উড়ান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে ঘূর্নিঝড় ফনি’র সর্বশেষ পরিস্থিতি ও সাম্ভব্য দূর্যোগ মোকাবিলা বিষয়ে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন সংশ্লিষ্টদের নিয়ে। বৈঠকে ঘূর্নিঝড় ফনি’র তান্ডব থেকে জনসাধারণকে বাঁচাতে সব ধরনের নির্দেশনা দেয়া হয়েছে।
ফণী’ মোকাবিলায় উপকুলে ৭টি যুদ্ধজাহাজ নামালো ভারত
ঘূর্ণিঝড় ফণী’র মোকাবিলায় ৭টি যুদ্ধ জাহাজ নামাল ভারতীয় নৌবাহিনী। ঝড়ের গতিবিধি নজরে রাখবে এই যুদ্ধ জাহাজগুলি। ৪টি যুদ্ধজাহাজ থাকছে তামিলনাড়ু উপকূলে। বাকি ৩টি যুদ্ধজাহাজ ঝড়ের গতিবেগ নজরে রাখবে।আইএনএস দেগায় থাকছে ৭টি হেলিকপ্টার। যে কোনও পরিস্থিতিতে উড়ে যাবে এই হেলিকপ্টার। আইএনএস দেগায় থাকছে ডুবুরিও। থাকছে রাবারের নৌকা, মেডিক্যাল টিম। যুদ্ধজাহাজে প্রস্তুত রাখা হচ্ছে ত্রাণ সামগ্রীও। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ত্রাণ কার্য তদারকি করছেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, উড়িষ্যা বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিমানবাহিনী, নৌবাহিনী তত্পরতার সঙ্গে কাজ করছে।