
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করে বলেছেন, ‘নরেন্দ্র মোদিকে সবাই ভয় পায় কেন? এতবড় ফ্যাসিস্ট সারা পৃথিবীতে দ্বিতীয়টি জন্মায়নি। এত বড় ফ্যাসিস্ট, হিটলারের ঠাকুরদাদা হবে এই মোদি। চোখদুটো দেখলেই মনে হবে খেতে আসছে! রক্তচক্ষু ভয়ঙ্কর!’ লোকসভা নির্বাচন উপলক্ষে তিনি গতকাল মঙ্গলবার দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
রাজ্যের সাবেক দুই শাসক দল সিপিএম ও কংগ্রেস সম্পর্কে তৃণমূল নেত্রী মমতা বলেন, সিপিএমের সাইনবোর্ড বিজেপির কাছে বিক্রি করে দিয়েছে। আমার লজ্জা লাগে বাংলায় কংগ্রেসেরও সাইনবোর্ডটা বিজেপির কাছে বিক্রি করে দিয়েছে। আমার কাছে প্রমাণ রয়েছে ওরা বিজেপির হয়ে ভোট করছে। সেজন্য সিপিএম, কংগ্রেস কাউকে একটি ভোটও দেবেন না। রাজ্যে একমাত্র তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। সেজন্য নরেন্দ্র মোদির এত রাগ। পেলে একেবারে যেন খেয়েই নেয়, হজম করে নেয়! ৩৪ বছর ধরে সিপিএমের গুলির সঙ্গে লড়াই করেছি। পা থেকে মাথা পর্যন্ত আমার সারা শরীর আক্রান্ত! তাও আমি বদলা নিইনি। আমি বদলা নিইনি বলে সিপিএমের লোকেরা ভালো আছেন, ভালো থাকুন। কিন্তু বিজেপির হাতে ভোট তুলে দিলে বাংলার মানুষ কোনোদিন রাজনৈতিকভাবে ক্ষমা করবে না।’
তিনি বলেন, ‘নরেন্দ্র মোদির চমকানিতে আমি ভয় পাই না। নরেন্দ্র মোদির ধমকানিতে আমি ভয় পাই না। আরএসএসের হাফপ্যান্ট পরা লোকগুলোকে আমি ভয় পাই না। লড়াই যখন করি বাঘের বাচ্চার মতো লড়াই করি। চ্যালেঞ্জ করি বলি, লড়তে হলে লড়ো, করতে হলে করো, পারতে হলে পারো, তা না হলে, মানে মানে সরে পড়ো। এখানে চ্যালেঞ্জ করতে এসো না।’ মমতা কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেন, ‘আমাকে (কেন্দ্রীয় তদন্ত সংস্থা) সিবিআই ইডি দেখিয়ে লাভ নেই। যতদিন বাঁচব, মানুষের কথা বলব, একতাকে রক্ষা করব, সর্বধর্মকে ভালোবাসব। সব মানুষকে ভালোবাসব। সবাইকে নিয়ে চলব। বাংলার গায়ে কারও একটি হাতও লাগাতে দেবো না।’ তিনি বিজেপি-আরএসএসকে কটাক্ষ করে বলেন, ‘এনআরসির নামে বদমায়েশি! সবাই বিদেশি, তুমি একা স্বদেশি? স্বাধীনতা আন্দোলনের সময় কোথায় ছিলে? জন্ম হয়েছিল? স্বাধীনতা আন্দোলনের সময় আরএসএস বিশ্বাসঘাতকতা করেছিল। গান্ধীজিকে খুন করেছিল কারা? আজ বড় বড় কথা? দেশপ্রেম শেখাচ্ছ! তোমাদের কাছ থেকে আমাদের দেশপ্রেম শিখতে হবে?’
মমতা বলেন, ‘বাংলার মাটি দেশপ্রেমের মাটি, বাংলার মাটি স্বাধীনতার মাটি, বাংলার মাটি জাতীয় আন্দোলনের মাটি, বাংলার মাটি জাগরণের মাটি, বাংলার মাটি সংস্কৃতির মাটি। এই মাটি সহনশীলতার মাটি। এই মাটি ঔদ্ধত্যকে কেয়ার করে না, অহঙ্কারকে কেয়ার করে না, অত্যাচারকে কেয়ার করে না, দুরাচারকে কেয়ার করে না। আর দুর্যোধন, দুঃশাসনকেও কেয়ার করে না।'