News71.com
 International
 01 May 19, 05:49 AM
 139           
 0
 01 May 19, 05:49 AM

দিল্লির শাস্ত্রী ভবনে অগুনে লাগিয়ে ফাইল পোড়াচ্ছেন নরেন্দ্র মোদি॥রাহুল গান্ধী

দিল্লির শাস্ত্রী ভবনে অগুনে লাগিয়ে ফাইল পোড়াচ্ছেন নরেন্দ্র মোদি॥রাহুল গান্ধী

নিউজ ডেস্ক: দিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয় শাস্ত্রী ভবনে আজ দুপুরে অগ্নিকাণ্ড নিয়ে জোর রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। কেন্দ্রের একঝাঁক সরকারি মন্ত্রকের প্রধান দপ্তর এই শাস্ত্রী ভবন। ২০১৭ সালেও এই ভবনে আগুন লেগেছিল সপ্তম তলে। আজ আগুন লেগেছে ষষ্ঠ তলে। সেই আগুনের আঁচ আজও ছড়িয়ে পড়ে সপ্তম তলে। দমকলের সাতটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে সক্ষম হলেও আগুনে কতটা ক্ষয়ক্ষতি হল সেই প্রশ্ন যথেষ্ট উদ্বেগের জন্ম দিয়েছে। ভোটের মধ্যেই এই গুরুত্বপূর্ণ ভবনে আগুন লাগার সুযোগ পেয়ে বিষয়টিকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছে কংগ্রেস। দলের সভাপতি রাহুল গান্ধী আজ এই অগ্নিকাণ্ডের পরই সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, শাস্ত্রী ভবনের ফাইল পুড়িয়ে দিয়ে বাঁচা যাবে না মোদিজি। সব জবাব দিতে হবে। উল্লেখ্য, রাহুলের এই কটাক্ষের কারণ শাস্ত্রী ভবনেই আ‌ইন মন্ত্রক থেকে কর্পোরেট অ্যাফেয়োর্স মন্ত্রক, তথ্য সম্প্রচার মন্ত্রক থেকে সার ও রসায়ন মন্ত্রকের দপ্তর। অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রক হল মানবসম্পদ উন্নয়ন। এই প্রতিটি মন্ত্রকের পূর্ণ ও রাষ্ট্রমন্ত্রীরাও এই শাস্ত্রীভবনেই বসেন। এর থেকেও তাৎপর্যপূর্ণ হল শাস্ত্রী ভবনে আর্কাইভ রয়েছে। রয়েছে লাইব্রেরি, সরকারি ফাইলের স্টোরও। সুতরাং অন্য মন্ত্রকের অনেক ফাইল এখানেই রাখা হয়। তবে শাস্ত্রী ভবনের সবথেকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রক হল আইন ও কর্পোরেট অ্যাফেয়ার্স। এই দুটি মন্ত্রক নিয়ে রাহুল গান্ধী লাগাতার সরকারকে আক্রমণ করে চলেছেন। সুপ্রিম কোর্টে চলা যে কোনও মামলায় সরকারের পক্ষ থেকে জমা দেওয়া হলফনামা কিংবা তথ্যাবলী যে ফাইলের ভিত্তিতে দেওয়া হয়ে থাকে সেগুলি এই আইনমন্ত্রকের স্টোরেই থাকে। আর কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকে থাকে তাবৎ শিল্পমহল সম্পর্কিত নথি ও তথ্য। বিশেষ করে আর্থিক গোলমাল থাকা সংস্থাগুলির বিরুদ্ধে যে নোটিশ পাঠানো হয় কিংবা অভিযোগ তথা তদন্ত রিপোর্ট সরকারের কাছে থাকে সেইসব ফাইলও এই শাস্ত্রী ভবনের কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকেই থাকে।

চলতি লোকসভা ভোটের উত্তাপের মধ্যে রাহুলের অভিযোগের তীর তাই মোদির দিকেই। তিনি ট্যুইটে যেভাবে বলেছেন, ফাইলে আগুন ধরিয়ে দিয়ে লোপাট করে দিয়ে লাভ হবে না, সেটা বিজেপিকে যথেষ্ট বিদ্ধ করেছে। উল্লেখ্য শাস্ত্রী ভবনে আজ আগুন লাগার আগে মার্চ মাসের প্রথম সপ্তাহে আগুন লেগেছিল দিল্লির আর এক গুরুত্বপূর্ণ সরকারি ভবন সিজিও কমপ্লেক্সে। যেখানে সিবিআই অফিস। তবে সেই সিজিও কমপ্লেক্সের আগুনে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সামাজিক ন্যায় মন্ত্রক দপ্তরের। ওই অগ্নিকাণ্ডে বহু ফাইল পুড়ে যায়। এবং এক পুলিশকর্মীর মৃত্যুও হয়। এভাবে বারংবার সরকারি ভবনে আগুন লাগা নিয়েও প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। আজ শাস্ত্রী ভবনের আগুনের ক্ষয়ক্ষতিও রাত পর্যন্ত জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন