
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত আগ্রাসী তৎপরতার প্রতি ক্রমবর্ধমান মার্কিন সমর্থনের ব্যাপারে জাতিসংঘের নিষ্ক্রিয় ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছেন এই সংস্থায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভানচি। বিশেষ করে আমেরিকার পক্ষ থেকে সিরিয়ার গোলান মালভূমির ওপর ইসরাইলের মালিকানাকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে জাতিসংঘের নীরবতার সমালোচনা করেছেন তিনি।ইরানের এই শীর্ষস্থানীয় কূটনীতিক নিউ ইয়র্কের স্থানীয় সময় গতকাল সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি উন্মুক্ত বিতর্কে অংশ নিয়ে সুস্পষ্ট ভাষায় বলেন, গোলান মালভূমি সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতমাসে গোলানের ওপর তেল আবিবের কথিত সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়ে একটি ডিক্রি জারি করেন। এর আগে গত বছরের মে মাসে ট্রাম্প মুসলমানদের প্রথম ক্বিবলার শহর বায়তুল মুকাদ্দাসকে (জেরুরজালেম) ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন।
তাখতে রাভানচি নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেন, “ইরান আবারো কঠোরতম ভাষায় আন্তর্জাতিক আইনে অবৈধ এসব কাজের নিন্দা জানাচ্ছে। দু’টি কাজই আন্তর্জাতিক আইনের বিশেষ করে নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে করা হয়েছে।”জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব মানতে ইসরাইলকে বাধ্য করার জন্য এ পর্যন্ত এই পরিষদে উত্থাপিত মোট ৪৪টি প্রস্তাবে ভেটো দিয়েছে আমেরিকা। ইরানের স্থায়ী প্রতিনিধি এ সম্পর্কে বলেন, ইসরাইলের প্রতি আমেরিকার অকুণ্ঠ সমর্থনের কারণে নিরাপত্তা পরিষদ এক্ষেত্রে নিষ্ক্রিয় থাকার পাশাপাশি নিজের অযোগ্যতা প্রমাণ করেছে।ইহুদিবাদী ইসরাইল ১৯৬৭ সালের যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমির দুই-তৃতীয়াংশ দখল করে এবং এর চার বছর পর দখলীকৃত অংশকে নিজের ভূখণ্ডের অন্তর্গত করে নেয়; যদিও আন্তর্জাতিক সমাজ কখনোই এই দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি। জাতিসংঘের পক্ষ থেকেও এ ঘটনাকে বৈধতা দেয়া হয়নি।