News71.com
 International
 30 Apr 19, 06:55 AM
 145           
 0
 30 Apr 19, 06:55 AM

পদত্যাগ করলেন আমেরিকার ডেপুটি অ্যাটর্নি জেনারেল॥

পদত্যাগ করলেন আমেরিকার ডেপুটি অ্যাটর্নি জেনারেল॥

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টেইন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। ট্রাম্পের সঙ্গে অনেকদিন ধরেই রোজেনস্টেইনের সম্পর্ক ভালো ছিল না। তিনি তার পদত্যাগপত্রে লিখেছেন আগামী ১১ মে থেকে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চান। মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তার পদত্যাগপত্রে লিখেছেন, “আমরা কোনো ভয় বা কাউকে আনুকূল্য প্রদর্শন ছাড়াই আইন বাস্তবায়ন করি, কারণ উপযুক্ত দলিল-প্রমাণ সামনে আসার পর পক্ষপাতদুষ্ট আচরণ করা যায় না।”

ট্রাম্প এর আগে রোজেনস্টেইনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনেন এবং একবার টুইটারে এমন একটি ছবি প্রকাশ করেন যেখানে দেখা যায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে রোজেনস্টেইন কারাভোগ করছেন। সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের হাতে নিয়োগ পেয়েছিলেন রড রোজেনস্টেইন। গতমাসে উইলিয়াম বার’কে আমেরিকার অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়ার পরই রোজেনস্টেইন পদত্যাগ করবেন বলে আশা করা হচ্ছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কথিত হস্তক্ষেপ সংক্রান্ত রবার্ট মুলার প্রতিবেদন নির্বিঘ্নে প্রকাশ করার কাজে নবনিযুক্ত বার’কে সহযোগিতা করার জন্য রোজেনস্টেইন একমাস দেরিতে পদত্যাগ করলেন।

গত বছরের সেপ্টেম্বরে রোজেনস্টেইনের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের মারাত্মক অবনতি হয়। সে সময় দৈনিক নিউ ইয়র্ক টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে দাবি করে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার পাঁয়তারা করছেন। সূত্রটির বরাত দিয়ে দৈনিকটি জানায়, ট্রাম্প যে আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব পালনের অযোগ্য সে বিষয়টি প্রমাণ করার জন্য রোজেনস্টেইন গোপনে ট্রাম্পের বক্তব্য রেকর্ড করার পরিকল্পনা করছেন। তিনি এও বলেছেন যে, আমেরিকার সংবিধানে এ কাজ করতে নিষেধ করা হয়নি। অবশ্য খবরটি প্রকাশিত হওয়ার পর রোজেনস্টেইন এ অভিযোগ অস্বীকার করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন