
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের সম্রাট আকিহিতো বিদায় নেবেন মঙ্গলবার। আর তার বড় ছেলে নারুহিতো (৫৯) সিংহাসনে বসবেন। এজন্য কাজ পাগল জাপানিরা ১০ দিনের টানা ছুটি ভোগ করছেন। শনিবার থেকে নজিরবিহীন এ ছুটি শুরু হয়েছে।পুরনো সম্রাটের বিদায় এবং নতুন সম্রাটের অভিষেক অনুষ্ঠান ছাড়াও কঠোর পরিশ্রমের জন্যে খ্যাত জাপানিরা দেশটির ঐতিহ্যবাহী ‘গোল্ডেন উইক’ও এ সময়ে উদযাপন করবে।তবে টানা এ ছুটিতে খুশি নন জাপানিরা। তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বিরক্তি প্রকাশ করেছেন।এদিকে বেশ কয়েকদিনের এ ছুটি কাটাতে রেকর্ড সংখ্যক লোক বিদেশ ও দেশের বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছে। ফলে উপচে পড়ছে বিমানবন্দর ও রেলস্টেশন।এ সময়ে কেউ কেউ জাতীয় অনুষ্ঠানগুলো দেশের মধ্যে পালন করলেও অনেকেই ছুটি কাটাতে বিদেশ পাড়ি দিচ্ছেন।গত শনিবার টোকিওর নারিতা বিমানবন্দর থেকে রেকর্ডসংখ্যক ৬০ হাজার ৭শ’ লোক বিদেশের উদ্দেশ্যে যাত্রা করছে। জাপানের জাতীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে ।
এদিকে দেশে যারা ছুটি কাটাতে যাচ্ছে তারা টোকিও স্টেশনে বুলেট ট্রেনের জন্যে ভিড় করছে। কেউতাদের নিজ গ্রাম আবার কেউবা আশেপাশে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছে।জাপানের ট্রাভেল এজেন্সি (জেটিভি) বলছে, দীর্ঘ এ ছুটিতে দুই কোটি ৪৬ লাখ ৭০ হাজার লোক দেশ ও বিদেশে বেড়াতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।এছাড়া আগামী ৬ মে পর্যন্ত ব্যাংকগুলো বন্ধ থাকবে বলে সেখানেও টাকা তোলার জন্যে দীর্ঘলাইন পড়েছে।এদিকে টানা বেশ কয়েকদিনের ছুটিতে যে জাপানিরা সন্তুষ্ট তা কিন্তু নয়। অধিকাংশই বিরক্তি প্রকাশ করেছে। কারণ, এ সময়ে নানা ধরনের সেবা বিঘ্নিত হবে।জাপানি দৈনিক আশাহি শিম্বুন-এর এক জরিপে দেখা গেছে, ৪৫ শতাংশ জাপানি টানা ছুটিতে খুশি নন। অন্যদিকে ৩৫ শতাংশ জাপানি তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে।