News71.com
 International
 29 Apr 19, 06:18 AM
 159           
 0
 29 Apr 19, 06:18 AM

নরেন্দ্র মোদির জাতই আমার জানা নেই॥কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী

নরেন্দ্র মোদির জাতই আমার জানা নেই॥কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাত বা বর্ণ কী তা এখনও আমার জানা নেই। তাই তার জাত নিয়ে রাজনীতি করার প্রশ্নই আসে না।’ তিনি বলেন, ‘মোদির বিরুদ্ধে কংগ্রেস কখনই ব্যক্তিগত আক্রমণ করেনি। দলের নেতারা সবসময় দেশের উন্নয়নের প্রসঙ্গ তুলেছেন। কারও জাতপাতের প্রসঙ্গ নয়।’ গত শনিবার উত্তরপ্রদেশের কনৌজে এক জনসভায় বক্তব্য প্রদানকালে মোদি অভিযোগ করে বলেন, ‘কংগ্রেস আমার জাতপাতের প্রসঙ্গ তুলে রাজনীতি করছে।’ পরদিন গতকাল রোববার এই উত্তরপ্রদেশেই বড় ভাই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নির্বাচনী আসন আমেথিতে প্রচারণাকালে তার জবাব দিয়ে উপরোক্ত কথাগুলো বলেন প্রিয়াংকা।

২০১৪ সালের মতোই এবারের লোকসভায়ও শুরু থেকেই গান্ধী পরিবারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে প্রচারণা অব্যাহত রেখেছেন মোদি ও তার দলের অন্য নেতারা। গান্ধী পরিবারকে দুর্নীতিগ্রস্ত হিসেবে তুলে ধরা ও সেই সঙ্গে নিজেকে ভারতের উন্নয়ন, জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির ‘চৌকিদার’ বলে ভোট চাইছেন। এরই ধারাবাহিকতায় এদিন কনৌজে মোদি বলেন, “বিরোধীরা আমাকে ‘নীচ’ বা ‘নীচু জাতের’ বলে গালি দেয়।” এ সময় রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দল বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘মায়াবতী জি, আমি আপনাদের চেয়ে অনেক পিছিয়ে আছি। আমি হাতজোড় করে অনুরোধ করছি, আমাকে এই জাতপাতের রাজনীতির মধ্যে টানবেন না। ভারতের ১৩০ কোটি জনগণই আমার পরিবার।’ নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে মোদি আরও বলেন, ‘আমাকে জাত তুলে গালি না দেয়া পর্যন্ত এ দেশের কেউই আমার জাতের কথা জানত না। আমি মায়াবতী, অখিলেশ যাদব (সমাজবাদী পার্টির নেতা ও সভাপতি) ও কংগ্রেস নেতাদের প্রতি কৃতজ্ঞ যে, তারা আমার জাত নিয়ে আলাপ-আলোচনা করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন