News71.com
 International
 29 Apr 19, 04:44 AM
 111           
 0
 29 Apr 19, 04:44 AM

ভারতের লোকসভা নির্বাচন॥৯ রাজ্যের ৭২ আসন থেকে ইভিএম খারাপের অভিযোগ

ভারতের লোকসভা নির্বাচন॥৯ রাজ্যের ৭২ আসন থেকে ইভিএম খারাপের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক: ভোট শুরু হতেই দেশের নানা প্রান্ত থেকে আসছে ইভিএম খারাপের অভিযোগ। যদিও খবর পেলেই কমিশন দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। আজ লোকসভার চতুর্থ দফার ভোটগ্রহণ।এই পর্বে ৯ রাজ্যের মোট ৭১টি এবং জম্মু-কাশ্মীরের অনন্তনাগ আসনের একাংশের ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন। এই দফায় মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ১৭টি আসনে ভোট নেওয়া হচ্ছে। আসনের নিরীখে তার পরই রয়েছে রাজস্থান এবং উত্তরপ্রদেশ— ১৩টি করে। সোমবারই শেষ হচ্ছে মহারাষ্ট্রের সব আসনের ভোটগ্রহণ। চতুর্থ দফায় গোটা দেশেই এক গুচ্ছ হেভিওয়েট প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দি করবেন ভোটাররা। বিহারের বেগুসরাই কেন্দ্রে এ বারই প্রথম প্রার্থী হয়েছেন কানহাইয়া কুমার। উত্তরপ্রদেশের ফারুকাবাদ কেন্দ্রের দু’বারের সাংসদ সলমন খুরশিদ এ বারও কংগ্রেসের প্রার্থী। এই কেন্দ্রের মানুষও রায় দেবেন সোমবার। মুম্বই উত্তর কেন্দ্রের প্রার্থী উর্মিলা মাতন্ডকর, অনন্তনাগ কেন্দ্রের পিডিপি প্রার্থী তথা জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, কংগ্রেসের মিলিন্দ দেওরা, সমাজবাদী পার্টির ডিম্পল যাদবের মতো হেভিওয়েটদের পরীক্ষাও আজ।

কমিশন সূত্রে জানা গিয়েছে, এই দফায় মোট ভোটার প্রায় ১২ কোটি ৭৯ লক্ষ। প্রার্থীর সংখ্যা ৯৪৫। ২০১৪ সালের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, এই দফায় যে ৭১টি (অনন্তনাগ বাদ দিলে) আসনের ভোটগ্রহণ হচ্ছে, তার মধ্যে বিজেপির দখলে ছিল ৫৬টি আসন। কংগ্রেস জিতেছিল দু’টিতে। বাকি আসনগুলি ছিল তৃণমূল কংগ্রেস, বিজু জনতা দলগুলির মতো আঞ্চলিক দলগুলির দখলে। তবে এ বার পরিস্থিতি অনেকটাই আলাদা। সব মিলিয়ে ৯টি রাজ্যের ভোটগ্রহণ ঘিরে দিনভর উৎকণ্ঠা, উদ্বেগ থাকবে রাজনৈতিক দলগুলির। তার মধ্যেই নির্বিঘ্নে ও অবাধে ভোট করাতে তৈরি নির্বাচন কমিশনও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন