
আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দুদের নাগরিকত্ব নিশ্চিতের আশ্বাস যারা দেবে তাদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে আরএসএস। সপ্তদশ লোকসভা নির্বাচন চলাকালীন ‘শঙ্খনাদ’-এর ক্রোড়পত্রে ভোটারদের উদ্দেশ্যে এই আহ্বান জানায় তারা। ২০১৬ নাগরিকতা অ্যামেন্ডমেন্ট বিলের সমর্থনে আগেই প্রচার করে আসছে আরএসএস। ৭ মার্চ ২০১৯ শঙ্খনাদ (আরএসএস মুখপত্র) এ একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে- বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাগরিক অধিকার সুরক্ষিত করবে যে দল তাকেই ভোট দিন। প্রবন্ধটির অন্য অংশে বলা হয়েছে- কিভাবে তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেসসহ অন্যান্য দলগুলো এই বিলের বিরোধিতা করে আসছে।
প্রসঙ্গত বাংলাদেশ, আফগানিস্থান, পাকিস্তানের মত প্রতিবেশি দেশগুলো থেকে ভারতে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ প্রভৃতি ধর্মের মানুষের নাগরিকতার বিষয়টিকে নিশ্চিত করার জন্য পরিবর্তিত ‘২০১৬ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল’ আনতে চেয়েছিল বিজেপি। সিপিএম, তৃণমূল, কংগ্রেসের মতো বিরোধীদের বিরোধিতায় সেই বিল আটকে রয়েছে সংসদে। তবে শুধু শরণার্থী হিন্দুদের অধিকার সুনিশ্চিত করাই নয় পাশাপাশি অনুপ্রবেশকারী রোধে বিরোধীদের মুখ বন্ধ করার জন্য বিজেপির কাছে বড় হাতিয়ার হল ‘২০১৬ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল’৷ ২০১৪ সালে ক্ষমতায় আসার পর বাংলাদেশ থেকে অনুপ্রবেশ আটকানোতে জোর দিয়েছে মোদি ব্রিগেড। এর জন্য ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে পরিবর্তন করে ‘২০১৬ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল’ আনতে চেয়েছে বিজেপি। যেখানে প্রতিবেশী দেশগুলো থেকে আসা হিন্দুদের ভারতের নাগরিকতা দেওয়ার কথা বলা হয়েছে।