
আন্তর্জাতিক ডেস্কঃ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত হিসেবে দেখতে চায়। কিন্তু একই সঙ্গে ‘বন্ধু’ কিম জং উনের আন্তর্জাতিক নিরাপত্তারও গ্যারান্টি চাই আমরা। আন্তর্জাতিক চুক্তির আওতায় তার নিজের ও তার দেশ উত্তর কোরিয়ার ব্যবস্থা বিশ্বকে করতে হবে। তাহলে পরমাণু নিরস্ত্রীকরণ প্রশ্নে পিয়ং ইয়ং ইতস্তত করবে না বলে বিশ্বাস করে মস্কো। গতকাল বৃহস্পতিবার রাশিয়ার ভ্লাদিভস্টকে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে এক ঐতিহাসিক বৈঠকে একথা বলেন পুতিন। বৈঠকে উভয় নেতা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে জোর দেন। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে কিম বলেন, রুশ প্রেসিডেন্টের সঙ্গে তার এই মুখোমুখি বৈঠক ভীষণ অর্থবহ হয়েছে। অন্যদিকে পুতিন বলেন, কিম যেকোনো ব্যাপারে আলোচনার জন্য নিজেকে প্রস্তুত রেখেছিলেন এবং তার আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না বলে মনে হয়েছে। আলোচ্যসূচিতে পরমাণু নিরস্ত্রীকরণ থেকে শুরু করে উত্তর কোরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও কথা হয়। গত ফেব্রুয়ারিতে ভিয়েতনামের হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের বৈঠক হয়েছিল। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার ইস্যুতে দুই নেতা অনড় থাকায় সেই বৈঠক ব্যর্থ হয়েছিল। একারণে পুতিন-কিমের গতকালের বৈঠকের দিকে নজর ছিল গোটা বিশ্বের। বিশ্লেষকরা মনে করছেন, কিম জং উন এতদিনের খোলস ছেড়ে বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে যেভাবে বৈঠকে বসছেন, তাতে অদূর ভবিষ্যতে হয়তো তার দেশ আন্তর্জাতিক মহলের সঙ্গে সব বিভেদ দূর করতে সক্ষম হবে।