
আন্তর্জাতিক ডেস্কঃ অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থানে স্থল ও আকাশপথে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। কয়েকটি ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, হামাসের অবস্থানগুলোতে কামানের গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী বাহিনী। গাজা উপত্যকা ও ইসরাইলের সীমান্ত বেড়া জুড়ে হামাসের তিনটি পর্যবেক্ষণ টাওয়ারে গতকাল শুক্রবার ইহুদিবাদী বাহিনী হামলা চালায়। তবে এসব হামলায় কেউ হতাহত হয়নি বলে সূত্রগুলো জানিয়েছে। ইসরাইলি বাহিনী দাবি করেছে, গাজা থেকে সীমান্তের ওপারে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে গুলি চালানো হলে পাল্টা ব্যবস্থা নেয়া হয়েছে। তবে গাজা থেকে ছোঁড়া গুলিতে কোনো ইসরাইলি সেনা আহত হয়নি। গাজা-ইসরাইল সীমান্তে বিক্ষোভরত ফিলিস্তিনি জনতার ওপর ইসরাইলি সেনাদের হামলায় আহত এক যুবককে হাসপাতালে নেয়া হচ্ছে।
এদিকে গাজা-ইসরাইল সীমান্ত বেড়ার কাছে গতকাল শুক্রবার দিনভর ফিলিস্তিনি জনগণ বিক্ষোভ প্রদর্শন করেছেন। এ সময় ইসরাইলি সেনাদের ছোঁড়া টিয়ার শেল ও শটগানের গুলিতে ৪২ ফিলিস্তিনি আহত হন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কেদরা জানিয়েছেন। ২০১৮ সালের ৩০ মার্চ থেকে গাজা উপত্যকায় ইসরাইল বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইহুদিবাদী সেনারা গুলি করে অন্তত ২৭০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ সময়ে আহত হয়েছেন আরো প্রায় ১৬ হাজার ফিলিস্তিনি। ২০০৭ সালের জুন মাস থেকে গাজা উপত্যকার ওপর কঠোর অবরোধ আরোপ করে রেখেছে ইহুদিবাদী ইসরাইল।