News71.com
 International
 19 Apr 19, 01:33 PM
 264           
 0
 19 Apr 19, 01:33 PM

ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করলো ব্রিটেন॥ কুটনৈতিক চাপে পাকিস্তান

ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করলো ব্রিটেন॥ কুটনৈতিক চাপে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃ এবার ব্রিটেনের কূটনৈতিক চাপে পাকিস্তান৷ ব্রিটেনের পক্ষ থেকে বিশেষ ভ্রমণ নির্দেশিকা জারি করা হয়েছে সেদেশের পর্যটকদের জন্য৷ এই নির্দেশিকায় পাকিস্তানে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ গতকাল বৃহস্পতিবার ইউকের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস বা এফসিও থেকে এই সতর্কবানী জারি করা হয়৷ ব্রিটিশ পর্যটকদের বলা হয়েছে, পাকিস্তানে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকা বা ঘন জনবসতিপূর্ণ এলাকায় ভ্রমণ করবেন না৷ এই জায়গাগুলি সন্ত্রাসবাদী হামলা চালানোর জন্য উপযুক্ত বলে প্রমাণিত৷ এও জানানো হয়েছে পাকিস্তানের শপিং মল বা উন্মুক্ত বাজারেও যেন ঘুরতে না যান ব্রিটিশ পর্যটকরা৷ শুধু সন্ত্রাসবাদী হামলা নয়, নির্দেশিকায় সতর্ক করা হয়েছে যে কোনও রকমের বিক্ষোভের বিষয়েও৷ পাকিস্তানে যেকোনও সময়ে হিংসাত্মক বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে বলে এফসিও-র নির্দেশিকায় বলা হয়েছে৷ সেই বিক্ষোভ থেকে বড়সড় দুর্ঘটনা ঘটতে যে বেশি সময় লাগবে না, তাও জানানো হয়েছে৷ তাই এই সব জায়গায় ঘুরতে গেলে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ব্রিটিশ পর্যটকদের৷ এর আগে, কাশ্মীরে প্রাণ সংশয় হতে পারে পর্যটকদের৷

এমনই আশংকা প্রকাশ করে নিজেদের দেশের নাগরিকদের জন্য একটি সতর্কতা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র৷ শুধু কাশ্মীর নয়, পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকার জন্যও সতর্কতা জারি করা হয়৷ উত্তর তেলেঙ্গানা ও মহারাষ্ট্রের পূর্ব দিকের এলাকাগুলিতে ভ্রমণে বিরত থাকতে বলা হয়েছিল মার্কিন পর্যটকদের৷ মূলত মাওবাদী সমস্যার বাড়বাড়ন্তের কারণের এই ধরণের নির্দেশিকা জারি করা হয়৷ এদিকে, ভারত পাকিস্তান দুদেশের মধ্যে সাম্প্রতিক তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির জেরে নিজের দেশের পর্যটকদের জন্য উদ্বেগ প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র৷ কোনও পর্যটক কাশ্মীরে এসে যাতে বিপদে না পড়েন, তার জন্য আগেই একটি ট্র্যাভেল অ্যাডভাইসারি বা ভ্রমণ বিষয়ক সতর্কতা জারি করা হয় সেদেশের প্রশাসনের পক্ষ থেকে৷ নির্দেশিকায় বলা হয়েছে কোনও মার্কিন নাগরিক যেন কাশ্মীর ভ্রমণে না যান৷ তবে এই নির্দেশিকায় লাদাখ এলাকা ও লেহ অঞ্চলে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই এই সতর্কবাণী প্রচার করতে শুরু করেছে৷ মূলত দুই দেশের মধ্যে চলা জটিল অবস্থার কথা মাথায় রেখেই এই সতর্কতা বলে মনে করা হচ্ছে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন