
আন্তর্জাতিক ডেস্কঃ দেশের ৯৫টি লোকসভা আসনের মধ্যে কয়েকটি স্পর্শকাতর কেন্দ্র নির্বাচন কমিশনের কড়া নজরে৷ আর কথা যদি কাশ্মীরের হয় তাহলে সেখানে সুষ্ঠু ভাবে ভোট করানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ভোট কর্মী থেকে নিরাপত্তা বাহিনীর কাছে৷ সন্ত্রাসী কার্যকলাপে রক্তাক্ত উপত্যকার দুটি কেন্দ্রে আজ ভোটগ্রহণ৷ একটি শ্রীনগর অপরটি উধমপুর৷ ভোট চলাকালীন কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য আগাম কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে৷ যেমন, শ্রীনগর সহ বিস্তীর্ণ অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে৷ রাজ্যের দুটি কেন্দ্র মিলিয়ে ১২ লক্ষ ৯৫ হাজার ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন৷ তাদের হাতে ঝুলে রয়েছে ১২ জন প্রার্থীর ভাগ্য৷ এর মধ্যে রয়েছে কিছু হেভিওয়েট নামও৷ যেমন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা৷
তিনি শ্রীনগর কেন্দ্র থেকে ভোটে লড়ছেন৷ নির্বাচন কমিশনের তথ্য বলছে, শ্রীনগর লোকসভা আসনে নথিভুক্ত ভোটার রয়েছেন ১২ লক্ষ ৯৫ হাজার ৩০৪ জন৷ তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ লক্ষ ৬৭ হাজার ২৫২ জন৷ আর মহিলা ভোটার ৬ লক্ষ ২৭ হাজার ২৮২ জন৷ এছাড়া ২৬ জন সমকামী ভোটারও রয়েছেন৷ ভোটগ্রহণ যাতে সুষ্ঠুভাবে পরিচালন করা যায় তার জন্য শ্রীনগরে ১৭১৬টি বুথ কেন্দ্র খোলা হয়েছে৷ ফারুক আবদুল্লা ছাড়াও বিজেপির শেখ খালিদ জাহাঙ্গীর, রাষ্ট্রীয় জনক্রান্তি পার্টির নাজির আহমেদ লোন, জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্র্যাটিক পার্টির ইরফান রাজা আনসারি, শিবসেনার আব্দুল খালিক ভাট প্রমুখরা শ্রীনগর কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন৷ কাশ্মীরে বিকাল ৫টা অবধি ভোট পর্ব চলবে৷