News71.com
 International
 17 Apr 19, 07:31 AM
 157           
 0
 17 Apr 19, 07:31 AM

লোকসভা নির্বাচন॥কাশ্মীরে নির্বাচনী কাজে বাধা দিচ্ছে সেনারা

লোকসভা নির্বাচন॥কাশ্মীরে নির্বাচনী কাজে বাধা দিচ্ছে সেনারা

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফা ভোটের মুখে চাঞ্চল্য ছড়াল কাশ্মীর উপত্যকায়। সেখানে সেনা জওয়ানদের বিরুদ্ধে ভোটের কর্তব্যরত এসডিএম ও তার সহযোগীদের মারধোর করার অভিযোগ উঠেছে। দোরুর এসডিএমএর অভিযোগ তাদের ভোটের গুরুত্বপূর্ণ কাজে বাধা দিয়েছে সেনা জওয়ানরা। শুধু ভোটের কাজে বাধাই নয়। তার সঙ্গে ভোট কর্মীদের হেনস্থাও করা হয়েছে বলে দাবি করেছেন কাশ্মীরের দোরু এলাকার সাব ডিভিসনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) গুলাম রসুল ওয়ানি। জানা গিয়েছে, শ্রীনগর -কাজিগন্দ হাইওয়েতে দালওয়াচ এলাকায় রীতিমত হেনস্থার শিকার হন ওই সরকারি কর্মকর্তা। তার অভিযোগ, ভোটের কাজে যাওয়ার সময় মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে ওই কর্মকর্তা এবং তার সঙ্গে থাকা ভোটকর্মীদের অপদস্থ করে সেনারা। তারা তাদের গাড়ির ড্রাইভারকে মারধোর করে বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগ পত্রে লেখা হয়, রাস্তায় গাড়ি থামিয়ে তাকে ২০ মিটার অব্দি টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়। এমনকি ওই ম্যাজিস্ট্রেটকে বন্দুকের নলের মুখেও রাখা হয়। কেড়ে নেওয়া হয় মোবাইল, পরে তা মাটিতে ফেলে ভেঙে দেওয়া হয়। এ ঘটনার তীব্র নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি বলেন, সেনাদের হাতে কাশ্মীরের মানুষ প্রতিদিন হেনস্থার শিকার হন। তবে এবার সরকারী অফিসারদেরও হেনস্থা হতে হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। এক টুইটবার্তায় তিনি বলেন, ‘উপত্যকা ও এর লোকজনকে নীরব মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কতদিন তারা তাদের নিজের দেশে এভাবে নির্যাতীত হবে? কি দেখে তারা পাকিস্তানের চেয়ে ভারতকে অগ্রাধিকার দেবে?’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন