
আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যগামী ফ্লাই দুবাই, ওমান এয়ারসহ বেশ কিছু এয়ারলাইন্স বাংলাদেশ থেকে ব্যবসায় গুটিয়ে নেয়ার চিন্তাভাবনা করছে। এসব এয়ারলাইন্স সংশ্লিষ্টদের অভিযোগ হ্যান্ডলিং, লজিস্টিক সাপোর্ট, পার্কিংসহ নানা চার্জ নেয়ার কারণেই তারা ব্যবসায় গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন। এ দিকে হজ, ওমরাহ ও পর্যটন মওসুমকে ঘিরে প্রতিবছর ট্রাভেল এজেন্সির মধ্যে গড়ে উঠা শক্তিশালী সিন্ডিকেট দেশী-বিদেশী এয়ারলাইন্সের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে বিমানের টিকিট ব্লক করে রাখার অভিযোগ রয়েছে। পরবর্তীতে ওই টিকিটই আবার ট্রাভেল এজেন্সি নানা কৌশলে চড়া দামে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। দীর্ঘদিন ধরে এসব ঘটনা চলছে ট্রাভেল সেক্টরে। কিন্তু রহস্যজনক কারণে কালোবাজারি সিন্ডিকেট থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। সম্প্রতি ঢাকার নয়াপল্টনের একটি রেস্টুরেন্টে ফিমেল ওয়ার্কার্স রিক্রুটিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ব্যানারে আয়োজিত এয়ার টিকিটের লাগামহীন মূল্যবৃদ্ধি শীর্ষক প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ট্রাভেল এজেন্সি ও এয়ারলাইন্সগুলোর নানা অনিয়ম তুলে ধরেন। একই সাথে তারা দ্রুত সঙ্কট থেকে উত্তরণে সরকারের কাছে জোর দাবি জানান। ওই অনুষ্ঠানে আগত বক্তারা বলেন, আমাদের দেশের শ্রমিকরা মধ্যপ্রাচ্যে কাজের উদ্দেশ্যে গমন করে থাকেন। বিমানের টিকিটের দাম বেড়ে যাওয়ায় তাদের অভিবাসন খরচ প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। তা ছাড়া বিমানের আসন সঙ্কটের কারণে অনেকেই নির্ধারিত সময়ে যেতে না পারায় বড় ধরনের ভোগান্তিতে পড়ছেন। বিগত সময়ে নানা কারণে মাঝেমধ্যে বিমানের টিকিটের দাম বাড়লেও এত অল্প সময়ে টিকিটের দাম কখনো দ্বিগুণ বৃদ্ধি পায়নি। তারা বলেন, গত কয়েক দিন এই খাতের বিভিন্ন মহলের সাথে আলোচনা করে তারা অবগত হয়েছেন, বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী বেশ কিছু এয়ারলাইন্স যেমন ইতিহাদ, ফ্লাই দুবাই, জেড এয়ারওয়েজ, ওমান এয়ারলাইন্সসহ আরো কয়েকটি এয়ারলাইন্স বাংলাদেশ থেকে তাদের ব্যবসায় গুটিয়ে নিচ্ছে। হ্যান্ডেলিং, লজিস্টিক সাপোর্ট, হাই অপারেশন, হাই ফুয়েল কস্ট, হাই ল্যান্ডিং অ্যান্ড পার্কিং চার্জের কারণে ব্যবসায় গুটানোর কথা বলছে।