News71.com
 International
 14 Apr 19, 02:48 PM
 160           
 0
 14 Apr 19, 02:48 PM

কাশ্মীরের পুলওয়ামায় ফের নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ ও রাষ্ট্রীয় রাইফেলস॥

কাশ্মীরের পুলওয়ামায় ফের নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ ও রাষ্ট্রীয় রাইফেলস॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় কাশ্মীরের পুলওয়ামায় ফের নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ ও রাষ্ট্রীয় রাইফেলস । পুলওয়ামা জেলা পুলিশ ও ৫৫ রাষ্ট্রীয় রাইফেলসের যৌথ অভিযানে মিলল জঙ্গি বিরোধি বড়সড় সাফল্য৷ জঙ্গিঘাঁটি উদ্ধার হল দক্ষিণ কাশ্মীরে৷ আজ রবিবার সকাল থেকেই যৌথ অভিযান চালানো হচ্ছিল৷ পুলওয়ামাতেই মানদুনা গ্রামে এই জঙ্গি ঘাঁটি সনাক্ত করে নিরাপত্তা বাহিনী৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ওই গোপন ঘাঁটি থেকে নাশকতার কাজে ব্যবহারযোগ্য প্রচুর পরিমাণে কাঁচা মাল উদ্ধার করা হয়েছে৷ ওই ঘাঁটি থেকেই বড়সড় হামলা চালানোর ছক কষছিল জঙ্গিরা বলে মনে করা হচ্ছে৷ তদন্ত চলছে৷ এদিকে আজ রবিবারই গোয়েন্দা রিপোর্টে জানা যায়, সেনা কনভয়ে হামলা হতে পারে রবিবার৷ তবে এবার গাড়িতে নয় বাইকে চেপে আত্মঘাতী হামলা করতে পারে জঙ্গিরা৷ পুলওয়ামা ঘটনা থেকে শিক্ষা নিয়ে কোনও ঝুঁকি না নিয়ে সাতটা থেকে ৯টা পর্যন্ত সেনা কনভয়ের যাতায়াতের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়৷ শ্রীনগর ও আশেপাশের এলাকাগুলিতে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা৷ গতকাল শনিবারই জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় দুই জঙ্গি। এদিন সকাল থেকেই জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলছিল। গাহান্দা এলাকায় একাধিক জঙ্গি লুকিয়ে আছ এবলে খবর পেয়েই অভিযান শুরু করে পুলিশ ও সেনাবাহিনী।

এর আগে গত ৭ এপ্রিল তারিখে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে ভোররাতে ত্রালে অপারেশন শুরু করে নিরাপত্তা বাহিনী৷ তাদের দেখে প্রথমে হামলা করে জঙ্গিরা৷ জঙ্গিরা যাতে পালাতে না পারে তার জন্য তাদের একটা জায়গায় আটকে রেখে ঘিরে ফেলা হয়৷ তার আগের দিনও একটি এনকাউন্টারে খতম করা হয় জঙ্গিদের৷ গত শনিবারও একই পরিস্থিতি হয় সোপিয়ানে। টহলরত জওয়ানদের উপর হঠাৎ হামলা করে সন্ত্রাসবাদীরা৷ পাল্টা জবাব দেয় সেনা৷ দুই পক্ষের তীব্র গুলির লড়াইয়ে নিকেশ হয় দুই সন্ত্রাসবাদী৷ মৃতদের একজন এম টেক করা জঙ্গি বলে জানা গিয়েছে৷ ওই একই দিনে বারামুল্লা জেলায় এক জওয়ান নিহত হয়েছেন বলে খবর৷ জানা গিয়েছে, সোপোরোর ওয়ারপোরা এলাকায় মহম্মদ রাফিক ইয়াতু নামে জওয়ানকে গুলি করে জঙ্গিরা৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর৷ চলতি বছর ১৪ ফেব্রুয়ারি এযাবতকালের ভয়াবহ জঙ্গি হামলার সাক্ষী থাকে গোটা দেশ৷ সেনা কনভয়ের উপর আত্মঘাতী জঙ্গি হামলা হয়৷ ৬০ কেজি ওজনের অত্যন্ত শক্তিশালী আরডিএক্স বিস্ফোরণ ব্যবহার করা হয়েছিল৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে জওয়ানদের দেহ ৭০-৮০ মিটার দুরে ছিটকে পড়ে৷ হামলার দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ৷ ২২ বছর বয়সী স্কুলছুট আদিল আহমেদ দারকে হামলার জন্য বেছে নেওয়া হয়৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন