
আন্তর্জাতিক ডেস্কঃ উইকিলিকসের সহ-প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে না পাঠিয়ে সুইডেনের হাতে তুলে দিতে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদের কাছে আবেদন করেছেন অন্তত ৭০ জন এমপি। লিখিত ওই আবেদনের একটি কপি টুইটে পোস্ট করেছেন বিরোধী লেবার দলের স্টেলা ক্রেসি। লেবার দলের নেতা জেরমি করবিনও বলেছেন, ইরাক ও আফগানিস্তানে যে বর্বরতা হয়েছে, তা ফাঁস করার দায়ে অ্যাসাঞ্জের বহিঃসমর্পণ চাওয়া হচ্ছে। কিন্তু ব্রিটিশ সরকারের উচিত এর বিরোধিতা করা। গত বৃহস্পতিবার লন্ডনে অবস্থিত ইকুয়েডরের দূতাবাস থেকে গ্রেফতার করা হয় অ্যাসাঞ্জকে। যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করার অভিযোগ রয়েছে। তার প্রতিষ্ঠান মার্কিন সরকারের গোপনীয় স্পর্শকাতর সব ডকুমেন্ট হ্যাক করে প্রকাশ করেছিল। এজন্য তাকে ফেরত চায় যুক্তরাষ্ট্র। অন্যদিকে তার বিরুদ্ধে সুইডেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ আছে। ওই অভিযোগ অস্বীকার করে অ্যাসাঞ্জের দাবি, তিনি স্টকহোম সফরের সময় দুই নারীর সঙ্গে তাদের সম্মতিতে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন।
অ্যাসাঞ্জ ইকুয়েডরের দূতাবাসে অবস্থান করার কারণে তাকে আনুষ্ঠানিকভাবে নোটিশ দিতে পারেনি সুইডিশ প্রসিকিউশন। ফলে তারা ওই ধর্ষণ মামলার তদন্ত বাতিল করে ২০১৭ সালে। তাকে গ্রেফতারের পর ওই দেশটির প্রসিকিউটররা বলেছেন, তারা নতুন করে ওই তদন্ত শুরু করবেন। সাজিদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, সুইডেন যদি অ্যাসাঞ্জকে চায়, তাকে তাদের হাতে তুলে দেয়া উচিত। তার বিরুদ্ধে ধর্ষণের তদন্ত ফের চালু করবে কিনা সুইডেনই সিদ্ধান্ত নিক। চিঠিতে যৌন সহিংসতার শিকার ব্যক্তিদের পাশে দাঁড়াতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে। তদন্ত যথাযথভাবে সম্পন্ন করারও আহ্বান জানানো হয়েছে। বলা হয়, আমরা শুরুতেই তাকে দোষী বলছি না। তবে বিশ্বাস করি যথাযথ পদক্ষেপ নেয়া উচিত এবং অভিযোগটিতে সুবিচার দেয়া হয়েছে এটা দেখতে চাই আমরা।