
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে তৃতীয়বার বৈঠক করার বিষয়টি বিবেচনা করছেন। গত বৃহস্পতিবার ওভাল অফিসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন। ট্রাম্প বলেন, ‘এটা হতে পারে। তৃতীয় একটি সম্মেলন হতে পারে এবং এটি হতে পারে ধাপে ধাপে। এটা দ্রুত কোনো প্রক্রিয়া নয়। আমি কখনো বলিনি এটা হবে না।’ তিনি বলেন, ‘আমরা উত্তর কোরিয়া ও কিম জং উনের সঙ্গে পরবর্তী সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা করব।’ গত বছরের মাঝামাঝি সিঙ্গাপুরে ট্রাম্প ও কিমের মধ্যে প্রথম বৈঠকটি হয়। তবে মার্কিন প্রেসিডেন্টের সাথে সাম্ভব্য বৈঠক নিয়ে কড়া মন্তব্য করলেন উত্তর কোরীয় নেতা কিম। এক প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দ্বিতীয় শীর্ষ বৈঠক ব্যর্থ হওয়ার পর দু’দেশের মধ্যে পূর্বেকার উত্তেজনা ফিরিয়ে আনার আশঙ্কা তৈরি করছে ওয়াশিংটন। মার্কিন সরকার তার আচরণে পরিবর্তন আনলেই কেবল দু’দেশের মধ্যে আরেক দফা শীর্ষ বৈঠক হতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন।
উল্লেখ্য গত ফেব্রুয়ারিতে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণের আলোচনার জন্য ভিয়েতনামের হ্যানয়ে দুই শীর্ষ নেতার মধ্যে দ্বিতীয় বৈঠক হয়। তবে কোনো সমঝোতা না হওয়ায় নির্ধারিত সময়ের আগেই বৈঠক থেকে বের হয়ে যান ট্রাম্প। উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা সহজ করা হবে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘কিছু মানবিক বিষয় নিয়ে’ এবং উত্তর কোরিয়াকে দক্ষিণ কোরিয়ার খাদ্য সহায়তা নিয়ে তিনি ও মুন আলোচনা করছেন। মুনকে সঙ্গে নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনেরও সম্ভাবনার কথাও এসময় জানান ট্রাম্প। নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, ‘আমরা এটা সব সময় বাড়াতে পারব, তবে এ মুহূর্তে আমি তা করতে চাচ্ছি না।তবে উত্তর কোরিয়া প্রেসিডেন্ট কিম বলেন, “আমেরিকাকে তার বর্তমান হিসাবনিকাশ বন্ধ করে আমাদের কাছে নতুন হিসাবনিকাশ নিয়ে আসতে হবে।” উত্তর কোরিয়ার নেতা বলেন, তিনি ওয়াশিংটনকে সিদ্ধান্ত নিতে ‘বছরের শেষ পর্যন্ত’ সময় দিতে পারবেন না। আমেরিকা তার এ দাবি মেনে না নিলে তিনি কি পদক্ষেপ নেবেন সে সম্পর্কে কোনো ইঙ্গিত করেননি কিম।
তবে সাম্প্রতিক সময়ে স্যাটেলাইট থেকে তোলা ছবিতে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনায় কর্মতৎপরতা লক্ষ্য করা গেছে। গত ফেব্রুয়ারি মাসে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে কিম-ট্রাম্প দ্বিতীয় শীর্ষ বৈঠক ব্যর্থ হয়। ওই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পূর্বশর্ত হিসেবে দেশটি সব পরমাণু অস্ত্র ধ্বংস করে ফেলার আহ্বান জানান। কিন্তু উত্তর কোরিয়ার নেতা তাতে সম্মতি না দিয়ে পর্যায়ক্রমিক পরমাণু নিরস্ত্রীকরণের বিনিময়ে তার দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানান। ট্রাম্প ওই আহ্বান মেনে নিতে অস্বীকৃতি জানান এবং বৈঠক ব্যর্থ হয়। এর আগে গত বছরের জুন মাসে সিঙ্গাপুরে প্রথমবারের মতো বৈঠকে বসেন চিরশত্রুভাবাপন্ন দুই দেশ আমেরিকা ও উত্তর কোরিয়ার দুই শীর্ষ নেতা। ওই বৈঠকে তারা কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্র মুক্ত করার ব্যাপারে নীতিগতভাবে সম্মত হন।