
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সমস্ত রাজনৈতিক দলগুলি ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে যে অনুদান পেয়েছে তার বিস্তারিত তথ্য বন্ধ খামে জমা করতে নির্দেশ দিল দেশটির সুপ্রিম কোর্ট। একইসঙ্গে মোট কত টাকা অনুদান পেয়েছে দলগুলি তা নির্দিষ্ট করেও জানাতে বলা হয়েছে। এ ছাড়াও ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে যে দাতারা অনুদান দিয়েছেন, তাদের সম্পর্কেও বিস্তারিত তথ্য জমা করতে বলেছে আদালত। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কত টাকা অনুদান পেয়েছে রাজনৈতিক দলগুলি, কীভাবে পেমেন্ট হয়েছে তা আগামী ৩০ মে'র মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে বলা হয়েছে। একটি স্বেচ্ছাসেবি সংস্থার পক্ষ থেকে এই ইলেক্টোরাল বন্ডের বৈধতাকে চ্যালেঞ্জ করা হয় বলে জানা গেছে।
এদিকে এই বন্ড চলতে থাকলে পরোক্ষ অনুদানের মাধ্যমে দেশের বাইরের শক্তিও ভারতের নীতিকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও আদালতে এর সমর্থনেই মুখ খুলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের ব্যাখ্যা হচ্ছে, অনুদানে স্বচ্ছতা আনতে ইলেক্টোরাল বন্ড। কারণ ইলেক্টোরাল বন্ড বিক্রি করা হয় কেওয়াইসি মেনে। তার অডিটও হয়। ফলে আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছতা ইলেক্টোরাল বন্ড নিয়ে আসবে। কোনও হয়রানি করার চেষ্টা যাতে না হয় সেজন্য অনুদান দাতাদের নাম গোপন রাখা হয়। তবে প্রয়োজনে পরিচয় আদালত বা প্রশাসনের কাছে প্রকাশ করা যেতেই পারে।