News71.com
 International
 12 Apr 19, 02:07 PM
 85           
 0
 12 Apr 19, 02:07 PM

ভারতের রাজনীতির মধ্যে সেনাবাহিনীকে টানছেন মোদি॥রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে প্রতিবাদ

ভারতের রাজনীতির মধ্যে সেনাবাহিনীকে টানছেন মোদি॥রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মধ্যে সেনাবাহিনীকে টেনে আনার বিরুদ্ধে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দকে চিঠি দিয়ে আপত্তি জানালেন সাবেক সেনা কর্মকর্তারা। আজ শুক্রবার গণমাধ্যমে প্রকাশ, তিন বাহিনীর ৮ সাবেক প্রধানসহ দেড়শ’র বেশি সেনা কর্মকর্তা এব্যাপারে প্রেসিডেন্টকে চিঠি লিখে আপত্তিসহ পদক্ষেপ নেয়ার আবেদন জানিয়েছেন। প্রেসিডেন্টের কাছে চিঠি লেখা কর্মকর্তাদের মধ্যে সাবেক জেনারেল এস এফ রডরিগস, সাবেক জেনারেল শঙ্কর রায়চৌধুরি, সাবেক জেনারেল দীপক কাপুর, সাবেক বিমান বাহিনীর প্রধান এনসি সুরী রয়েছেন। সাবেক সেনা কর্মকর্তারা চিঠিতে বলেছেন, সেনাবাহিনী হল দেশের, কোনও দলের নয়। চিঠিতে সেনাবাহিনীর পরাক্রমকে রাজনৈতিক দলের পক্ষ থেকে ক্রেডিট নেয়ার বিরোধিতা করা হয়েছে। তাঁদের অভিযোগ, ক্ষমতাসীন দল সার্জিক্যাল স্ট্রাইকের মতো সেনাবাহিনীর অপারেশনকে নিজেদের সাফল্য বলে ক্রেডিট নিচ্ছে।

প্রেসিডেন্টের উদ্দেশ্যে ওই চিঠিতে বলা হয়েছে, ‘আপনি ভারতের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ প্রধান৷ সেজন্য বিষয়টি আপনার নজরে আনতে জানাচ্ছি, সাম্প্রতিক কয়েকটি ঘটনা দেশের সশস্ত্র বাহিনীর পক্ষে দুর্ভাগ্যজনক৷ সেনাবাহিনীর নানা অপারেশন, যেমন সীমান্ত পেরিয়ে হামলার মতো সাফল্যকে রাজনীতির প্রচারে কাজে লাগাচ্ছেন একাধিক রাজনৈতিক নেতা৷ যা অত্যন্ত দুর্ভাগ্যজনক৷' সাবেক সেনা কর্মকর্তারা প্রেসিডেন্টকে বলেছেন, 'অবস্থা এমন জায়গায় পৌঁছেছে, কোনো কোনো রাজনৈতিক নেতা ভারতীয় সেনাকে ‘মোদিজির সেনা’ বলতেও দ্বিধা করছেন না৷ এমনকী রাজনৈতিক সভায় প্রচারের জন্য উইং কম্যান্ডর অভিনন্দন বর্তমানের ছবিও ব্যবহার করা হচ্ছে৷ সেজন্য আপনার কাছে আমাদের অনুরোধ, এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ করুন৷ দেশের সশস্ত্রবাহিনীকে যেন কোনো রাজনৈতিক নেতা বা দল ব্যবহার না করেন৷’ কোনো দলের রাজনৈতিক অ্যাজেন্ডা দেশের সেনাবাহিনী হতে পারে না বলেও তাঁরা বলেন।

সম্প্রতি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপির ফায়ারব্রান্ড নেতা যোগি আদিত্যনাথ সেনাবাহিনীর সাফল্য প্রসঙ্গে বলতে গিয়ে সেনা সদস্যদের ‘মোদিজির সেনা’ বলে মন্তব্য করায় রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি ও তাঁদের সমর্থকরা নির্বাচনি প্রচারের সময় সেনাবাহিনীর প্রসঙ্গ একনাগাড়ে উল্লেখ করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এনিয়ে বেশ কয়েকটি বিরোধীদল ক্রমাগত অভিযোগও জানিয়ে আসছে। এবার সেনাবাহিনীর সাবেক আট প্রধানসহ ১৫৬ জন সাবেক সেনা কর্মকর্তা সেনাবাহিনীকে রাজনৈতিক অঙ্গনে টেনে আনার বিরোধিতা করে প্রেসিডেন্টকে চিঠি দিলেন যা নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের ওই চিঠি প্রসঙ্গে আজ (শুক্রবার) দেশের প্রধান বিরোধীদল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, মোদি সেনাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা পাওয়ার চেষ্টা করতে পারেন। কিন্তু এটা স্পষ্ট যে ভারতীয় সেনা দেশের মানুষের সঙ্গেই আছে, বিজেপির সঙ্গে নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন