
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদে সর্বোচ্চ নেতার প্রতিনিধি সাঈদ জালিলি বলেছেন, আমেরিকা উল্টাপাল্টা কিছু করলে পশ্চিম এশিয়ায় সন্ত্রাসী মার্কিন বাহিনীকে আইএস (দায়েশ)'র পরিণতি ভোগ করতে হবে। ইরানের টিভি 'চ্যানেল টু'-তে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ কথ বলেছেন। সাঈদ জালিলি আরও বলেন, ইরান হচ্ছে সন্ত্রাসবাদের শিকার একটি দেশ। মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী 'এমকেও' ইসলামি বিপ্লবের পর থেকে এ পর্যন্ত ১৭ হাজার ইরানিকে হত্যা করেছে। তিনি বলেন, শুধু ইরান গোটা বিশ্বের মানুষের বিরুদ্ধেই সন্ত্রাসবাদ চালাচ্ছে আমেরিকা।
এ সময় তিনি জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন পরমাণু বোমা হামলা, ভিয়েতনাম যুদ্ধ, দখলদার ইসরাইলের অপকর্মের প্রতি সমর্থন এবং ইরাক ও আফগানিস্তানে মার্কিন হামলার কথা তুলে ধরেন। জালিলি বলেন, পশ্চিম এশিয়ায় মার্কিন নীতি ব্যর্থ হয়েছে। গত ৪০ বছরে ইরানিদের কাছে বড় ধরণের পরাজয় মার খেয়েছে আমেরিকা। একারণে তারা ইরানের জনগণ ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র ওপর ক্ষুব্ধ।