News71.com
 International
 27 Mar 19, 05:41 AM
 152           
 0
 27 Mar 19, 05:41 AM

পাকিস্তান থেকে নিজ রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল আফগানিস্তান॥

পাকিস্তান থেকে নিজ রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল আফগানিস্তান॥

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের এক বিতর্কিত মন্তব্যের জের ধরে ইসলামাবাদ থেকে নিজ রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠিয়েছে আফগানিস্তান। একইসঙ্গে কাবুলে নিযুক্ত পাকিস্তানের উপ-রাষ্ট্রদূতকেও আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ইমরান খান কাবুলে একটি অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানানোর পর এ ব্যবস্থা নিলো আফগান সরকার। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিবগাতুল্লাহ আহমাদি বলেছেন, ইমরান খানের ‘দায়িত্বজ্ঞানহীন’ বক্তব্যের প্রতিবাদে ইসলামাবাদে নিযুক্ত আফগান রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠানোর পাশাপাশি কাবুলে নিযুক্ত পাকিস্তানের উপ-রাষ্ট্রদূতকে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। তিনি আরও বলেন, আফগান সরকার ইমরান খানের বক্তব্যকে পাকিস্তানের হস্তক্ষেপকামী নীতি এবং আফগানিস্তানের সার্বভৌমত্ব ও দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতি ইসলামাবাদের অসম্মান প্রদর্শনের জ্বলন্ত উদাহরণ বলে মনে করছে।

এর আগে সোমবার ইমরান খান বলেন, আফগানিস্তানে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হলে তালেবান ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে চলমান শান্তি প্রক্রিয়ার পথ মসৃণ হবে। এছাড়া ইমরান খান আফগান শান্তি প্রক্রিয়ায় আশরাফ গনির নেতৃত্বাধীন বর্তমান আফগান সরকারকে একটি ‘প্রতিবন্ধকতা’ হিসেবে অভিহিত করেন। ইমরান খান আরও বলেন, তিনি আফগান সরকারের প্রতিবাদের কারণে তালেবান নেতাদের সঙ্গে একটি পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করতে বাধ্য হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন