
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে কোনো একটি দেশকে বেছে নিতে লেবাননের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পাম্পেও। শুক্রবার লেবাননে সফরকালে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ সতর্ক বার্তা উচ্চারণ করেন। খবর আল জাজিরা।
একইসঙ্গে সম্মেলনে ইরান সমর্থিত লেবাননের শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল কর্মকাণ্ডে জড়িত থাকারও অভিযোগ আনেন পাম্পেও।
তিনি বলেন, লেবানন ও এর জনগণকে যে কোনো একটি বিকল্প বেছে নিতে হবে। সাহসের সঙ্গে একটি স্বাধীন ও গর্বিত জাতি হিসেবে সামনে অগ্রসর হওয়া অথবা ইরান ও হিজবুল্লাহর অন্ধকার অভিলাষের কাছে নিজেদের ভবিষ্যৎকে সঁপে দেওয়া।
পরে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিল বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার গঠনমূলক আলোচনা হয়েছে। তবে হিজবুল্লাহ ইস্যুতে উভয়পক্ষের মধ্যে কিছু মতপার্থক্য রয়েছে।