
আন্তর্জাতিক ডেস্ক:আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার নয়, বরং তালেবান নেতাদের হত্যার গোপন প্রকল্প হাতে নেওয়ার প্রস্তাব দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির যুবরাজ মুহাম্মাদ বিন জায়েদ। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর কাছে বিন জায়েদ এ প্রস্তাব দেন বলে দাবি করছে ব্রিটিশ গণমাধ্যম মিডেল ইস্ট আই।খবরে বলা হচ্ছে, গত ১২ জানুয়ারি আবুধাবিতে পম্পেওর সঙ্গে বৈঠকের সময় শেখ জায়েদ এ প্রস্তাব দেন।মিডেল ইস্ট আইয়ের ওই প্রতিবেদনের বরাত দিয়ে ইরানি গণমাধ্যম পার্সটুডে বলছে, তালেবানের সঙ্গে মার্কিন সরকারের যে শান্তি আলোচনা চলছে তারও বিরোধিতা করছে আরব আমিরাত।গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, বৈঠকে শেখ জায়েদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করে বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হলে ২০০১ সালের আগের অবস্থায় ফিরে যাবে আফগানিস্তান।
তালেবান ও মার্কিন কর্তৃপক্ষ সম্প্রতি দাবি করেছে, কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত কয়েক দফা আলোচনা শেষে তারা একটি খসড়া প্রস্তাবে রাজি হয়েছেন।
ওই প্রস্তাব অনুযায়ী চলতি বছর শেষ হওয়ার আগেই আমেরিকা আফগানিস্তান থেকে ১৪ হাজার সেনা প্রত্যাহার করবে।কিন্তু আমিরাতি যুবরাজ বলেছেন, মার্কিন সেনা প্রত্যাহার করা হলে ‘পশ্চাৎপদ দাড়িওয়ালা দুষ্টু লোকদের’ হাতে পড়বে আফগানিস্তান। এর বদলে তিনি তালেবান নেতাদের হত্যা করার জন্য ভাড়াটে যোগাড় করার প্রস্তাব দেন। এতে তালেবান দুর্বল হয়ে পড়বে বলে মনে করেন বিন জায়েদ।প্রতিবেদন অনুযায়ী শেখ জায়েদ আরো বলেন, তালেবান নেতাদের হত্যা করা গেলে চলমান সংলাপে মার্কিন সরকার ভালো অবস্থানে থাকবে।লন্ডনভিত্তিক মিডেল ইস্ট আই প্রতিবেদনে বলেছে, ২০০৪ সালে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এরিক প্রিন্সের প্রতিষ্ঠিত কুখ্যাত বেসরকারি সংস্থা ব্লাকওয়াটারের সেনাদের ভাড়া করেছিল। আল-কায়েদা নেতাদের অবস্থান জেনে তাদের হত্যা করতে গোপন অভিযান পরিচালনার জন্য তাদের ভাড়া করা হয়।মার্কিন কর্মকর্তারা ২০০৯ সালে এ ধরনের কর্মসূচির কথা স্বীকার করেন। তবে কোনো অভিযান চালানো হয়নি বলে জানান তারা।